টিলার মাটি বিক্রি চলছেই
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামে দীর্ঘদিন ধরে টিলা কেটে মাটি বিক্রি চলছেই। টিলা কাটতে গিয়ে মাটি ধসে গত মঙ্গলবার সকালে সোনাব আলী (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়ি একই ইউনিয়নের শাহপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, সদর জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামে ব্যক্তি-মালিকানাধীন বেশ কয়েকটি টিলা কেটে দীর্ঘদিন ধরে মাটি বিক্রি চলছে। এসব মাটি আশপাশের এলাকায় নিচু জমি ভরাট ও সড়কের উন্নয়নকাজে ব্যবহার করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে অপরিকল্পিতভাবে কয়েকটি বসতবাড়ি তৈরি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শ্রমিক মাসুক মিয়া (২৫) জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে চম্পকলতা গ্রামের জহির আলীর মালিকানাধীন একটি টিলা কাটা হচ্ছিল। এ সময় মাটির একটি বড় খণ্ড ধসে শ্রমিক সোনাব আলীকে (৩০) চাপা দেয়। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, সরেজমিন পরিদর্শনকালে ঘটনাস্থল ও এর আশপাশে বেশ কিছু টিলা থেকে মাটি কেটে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ কাজ বন্ধে লোকজনকে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। শ্রমিক নিহতের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।২০০৭ সালের ২২ জুন ‘জুড়ীতে মাটি কেটে নেওয়া ২০টি টিলা ঝুঁকিপূর্ণ, নিচেই শতাধিক বসতবাড়ি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।