টিলার সেই ‘পুকুর’ ভরাট চলছে চূড়ার মাটি কেটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মলাইটিলার চূড়ায় গর্ত খননের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের আলোচিত অভিযানের পর তাদের নির্দেশনার বাস্তবায়ন হচ্ছে হতাশাজনক। গর্ত ভরাটের জন্য দুই দফা সময় বাড়ানোর পরও তা সম্পন্ন হয়নি। তৃতীয় দফা সময় বৃদ্ধি করে এখন খোদ চূড়ার মাটি কেটেই চলছে ‘পুকুর’ ভরাট।গতকাল বৃহস্পতিবার খাদিমপাড়া ইউনিয়নের ওই টিলায় গিয়ে দেখা যায়, ৩০ থেকে ৪০ জন শ্রমিক মাটি কাটার কাজে নিয়োজিত রয়েছেন। চূড়ার উত্তর দিকে গর্তের সীমানার মাটি কেটে সমান করা হয়েছে। এতে টিলার চূড়ার উচ্চতা প্রায় ২০ ফুট কমেছে বলে মাটি কাটার শ্রমিকেরা স্বীকার করেন। পরিবেশ অধিদপ্তরের ‘এনফোর্সমেন্ট’ অভিযানের পর রোপিত গাছ উপড়ে ফেলা হয়েছে। এ অবস্থায় এত প্রচেষ্টার পরও টিলাটি টিকবে কি না—এ নিয়ে স্থানীয় পরিবেশবাদী ও এলাকাবাসী সবাই সন্দিহান।এনফোর্সমেন্ট অভিযান প্রত্যক্ষকারী মলাইটিলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত একজন চাকরিজীবী বলেন, ‘অভিযানে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, তাতে মনে হয়েছিল, টিলাকে খুব দ্রুতই আমরা আগের অবস্থায় দেখতে পাব। এখন দেখছি দফায় দফায় সময় বৃদ্ধি আর মালিকপক্ষের খেয়াল-খুশিমতো ভরাট কাজ হওয়ায় বরং হিতে বিপরীত হওয়ার উপক্রম হয়েছে।’ভরাটকাজ পরিদর্শনকারী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম প্রথম আলোকে বলেন, ‘চূড়ার মাটি কেটে ভরাটকাজ হওয়ায় টিলার প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হয়েছে। আমরা মাপজোখ করে দেখেছি, কাটা অংশে টিলার উচ্চতা ১৫ থেকে ২০ ফুট কমে গেছে। পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণের মধ্যে এমনটি হওয়া আসলেই হতাশাজনক।’তবে টিলার মালিক ‘শালিমার হাউজিং লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন ভরাটকাজ পরিবেশ অধিদপ্তরের নির্দেশনামতোই হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘চূড়া খুঁড়ে মাটি যেখানে ফেলা হয়েছিল, সেখান থেকে মাটি এনে ভরাট চলছে। এর পরও যদি কোনো ত্রুটি থাকে, তাহলে ভরাটকাজ শেষে আমরা তা সম্পন্ন করে দেব।’ আলমগীর হোসেন দাবি করেন, মাটি কাটার শ্রমিক না পাওয়াতেই আবেদন করে তিন দফা সময় বাড়ানো হয়েছে। তৃতীয় দফার সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিল্লুুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি, যাতে এনফোর্সমেন্টের নির্দেশনা কোনোভাবে লঙ্ঘিত না হয়।’ মালিকপক্ষের সর্বশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ভরাটকাজ শেষ হবে বলে তিনি জানান। উপপরিচালক বলেন, ‘সবকিছুই আমাদের নজরদারির মধ্যে রয়েছে। আগে ভরাট সম্পন্ন হোক। এরপর কোনো ত্রুটি বা ঘাপলা দেখলে অবশ্যই তা মালিকপক্ষকে দিয়ে আদায় করা হবে।’গত ১৬ জুন প্রথম আলোয় ‘টিলার চূড়ায় “পুকুর”’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে টিলার চূড়ায় পুকুরসদৃশ বিশাল গর্ত করায় টিলার মালিক ‘শালিমার হাউজিং লিমিটেড’কে ১০ লাখ ৬৮ হাজার টাকা জরিমানার দণ্ড দিয়ে অর্ধেক টাকায় গর্ত ভরাট করার নির্দেশ দেওয়া হয়। ওই অভিযানকে নজিরবিহীন আখ্যায়িত করে পরিবেশবাদীসহ সব মহল স্বাগত জানিয়েছিলেন।