টিলার ‘পুকুর’ অংশের মালিক আবাসন ব্যবসায়ী বিএনপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ায় পুকুরসদৃশ বিশাল গর্ত তৈরি করা সিলেটের মলাইটিলার একাংশের মালিকের সন্ধান পাওয়া গেছে। গতকাল শুক্রবার সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় প্রশাসন দলিলপত্রের ভিত্তিতে তাঁকে চিহ্নিত করে। জানা গেছে, ‘শালিমার হাউজিং লিমিটেড’ নামের একটি আবাসন প্রকল্পের চেয়ারম্যান সিলেট নগর বিএনপির নেতা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) এর মালিক। তবে কয়েস লোদী টিলার মাথায় খননের ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেছেন।গতকাল শুক্রবার খাদিমপাড়া ইউনিয়নের মলাইটিলার চূড়ায় উঠে দৃশ্যত পুরো টিলাটি ধ্বংসের অভিনব কৌশল স্বচক্ষে দেখে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বাধীন প্রশাসনিক দল। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া ভূমিসংক্রান্ত কাগজপত্র ও চিত্র মিলিয়ে এ পর্যন্ত আড়ালে থাকা টিলার মালিকপক্ষকে চিহ্নিত করা হয়। দেখা যায়, এর অন্যতম মালিক নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কয়েস লোদী।জানা গেছে, প্রশাসনিক দলের পর্যবেক্ষণ প্রতিবেদনের সূত্রে পরিবেশ আইন ফাঁকি দেওয়ার কৌশলের অভিযোগে কয়েস লোদীর আবাসন প্রকল্পের বিরুদ্ধে মামলা করবে পরিবেশ অধিদপ্তর।তবে যোগাযোগ করলে আবাসন প্রকল্পের চেয়ারম্যান কয়েস লোদী প্রথম আলোর কাছে দাবি করেন, টিলার চূড়ার ওই অবস্থা কে বা কারা করেছে, তা তাঁরা জানেন না।এর আগের দিন বৃহস্পতিবার প্রথম আলোয় খবর প্রকাশিত হলে মলাইটিলার চূড়ায় উঠে ‘পুকুর’ খননের সত্যতা নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।প্রথম আলোয় ‘টিলার চূড়ায় “পুকুর”’ শিরোনামে সচিত্র প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে অনুসন্ধান করে ঘটনার নেপথ্যে থাকা সন্দেহভাজন ভূমিব্যবসায়ীদের তথ্য উদ্ঘাটনের উদ্যোগ নেন। ইউএনও এনামুল হাবীবের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পরিদর্শনকারী ওই দলে ছিলেন সিলেটের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম, পরিবেশ অধিদপ্তর সিলেটের জ্যেষ্ঠ কেমিস্ট মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ পাঁচজন কর্মকর্তা।ইউএনও প্রথম আলোকে খবরটি প্রকাশের জন্য ধন্যবাদ দেন। তিনি বলেন, ‘টিলা কাটার অভিনব পদ্ধতি দেখে আমি রীতিমতো হতবাক হয়েছি। টিলা যে কাটা হচ্ছে, এটা বাইরে থেকে কেউ সন্দেহ করতে পারবে না। চূড়ায় গভীর করে গর্ত খোঁড়ায় চলতি বর্ষায় ভারী বর্ষণ হলে টিলাটি ধসে পড়তে পারে।’ইউএনও বলেন, ‘টিলা ধসে পড়লে আপনা-আপনিই জায়গাটি সমান হয়ে যাবে। তখন আর টিলা ধংসের অভিযোগ করা যাবে না। এ উদ্দেশ্যেই টিলার চূড়ায় গর্ত করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে আমাদের কাছে মনে হয়েছে।’ মলাইটিলার একাধিক মালিক আছেন বলে জানা গেছে। গতকাল প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে টিলার চূড়ায় পুকুর অংশের মালিক হিসেবে শালিমার হাউজিং লিমিটেডকে চিহ্নিত করেন।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম জানান, কাগজপত্র অনুযায়ী টিলাস্থানটির মালিক নগরের হাউজিং এস্টেটের বাসিন্দা কয়েস লোদী। শালিমার হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের চেয়ারম্যান হিসেবে তাঁর নামের উল্লেখ রয়েছে। সেখানে টিলাশ্রেণীর ভূমির পরিমাণ ৩ একর ১৯.৩৩ শতক। সহকারী কমিশনার বলেন, ‘মালিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরিবেশ অধিদপ্তরকে একটি প্রতিবেদন তৈরি করে পাঠিয়েছি। এ প্রতিবেদনের সূত্র ধরে মামলা হবে।’পরিবেশ অধিদপ্তর বলেছে, মলাইটিলার নিচ থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় আগের মামলার পাশাপাশি এবার আবাসন প্রকল্প কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হবে। অধিদপ্তরের সিলেটের জ্যেষ্ঠ কেমিস্ট মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, প্রশাসনিক দলের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে মামলা করা হবে। মামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টিলা সংরক্ষণে ওই বিশাল গর্ত ভরাট করার নির্দেশও দেওয়া হবে।বিএনপির নেতা কয়েস লোদী শালিমার হাউজিং লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ও মলাইটিলা আবাসন প্রকল্পের মালিকানার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, টিলাটি আবাসন প্রকল্পের হলেও সেখানে এখন প্রকল্পের কোনো কাজ হচ্ছে না। এ কারণে টিলার চূড়ায় পুকুর কে বা কারা করেছে, সে বিষয়ে তাঁরা অবহিত নন।এক প্রশ্নের জবাবে কয়েস লোদী বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) প্রথম আলোয় ওই প্রতিবেদন দেখে আমি নিজেও অবাক হয়েছি। এ কাজ কারা করেছে এবং টিলা রক্ষায় কী ব্যবস্থা নেওয়া যায়, আমরা তা ভাবছি।’