টিলার ‘পুকুর’ ভরাট হয়নি
সিলেটের আলোচিত মলাইটিলার চূড়ায় খনন করা বিশাল গর্ত ভরাট অসম্পূর্ণ রেখেই দৃশ্যত কাজ গুটিয়েছে শালিমার হাউজিং। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী টিলার মালিক প্রতিষ্ঠানটির মাটি ভরাটের কাজ শনিবার শেষ করে গতকাল রোববার অধিদপ্তরের স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করার কথা ছিল।গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিলা ভরাটের কাজ অনেকখানি অসম্পূর্ণ রয়েছে। এলাকাবাসী জানান, ২১ জুন উচ্চপর্যায়ের এনফোর্সমেন্ট অভিযান এবং এর পরদিন পর্যন্ত মাটি ভরাটের কাজ চলে। এর পর থেকে আর কাজ করতে দেখা যায়নি।গতকাল দুপুরে মলাইটিলা পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তর সিলেটের জ্যেষ্ঠ রসায়নবিদ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাটি ভরাট ও বৃক্ষরোপণ শুধু প্রথম দিনই হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করে আজকের (রোববার) মধ্যেই ঢাকা কার্যালয়ে একটা প্রতিবেদন পাঠানো হবে।’ফোনে যোগাযোগ করলে শালিমার হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন বলেন, তিনি এনফোর্সমেন্ট অভিযানের পর থেকে অসুস্থ থাকায় কাজ সুষ্ঠুভাবে করার ব্যাপারে কোনো খোঁজ নিতে পারেননি।