টিলার ‘পুকুর’ ভরাটে আরও চার দিন সময় দেওয়া হলো
সিলেটের আলোচিত মলাইটিলার চূড়ায় ‘পুকুর’ ভরাটে আরও চার দিনের সময় দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নির্ধারিত পাঁচ দিনের মধ্যে ভরাটকাজ সম্পন্ন না হওয়ায় টিলার মালিক আরও এক মাস সময় চেয়ে আবেদন করেছিলেন। গতকাল মঙ্গলবার থেকে চার দিন সময় বেঁধে দেওয়ার পর গতকাল থেকেই আবার গর্ত ভরাটের কাজ শুরু করে শালিমার হাউজিং লিমিটেড কর্তৃপক্ষ। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, ট্রাকে করে আনা মাটি টিলার নিচে জড়ো করা হচ্ছে। শ্রমিকেরা এ মাটি টিলার চূড়ায় তুলছেন। চূড়ায় মাটি তোলার জন্য টিলার গায়ে একপাশে মাটি কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। দুপুরে মলাইটিলা ভরাটকাজ দেখতে যান উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁরা চার দিনের মধ্যে গর্ত ভরাটের কাজ শেষ করার নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, ‘টিলার মালিক পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গর্ত ভরাটের সময় চার দিন বাড়ানো হয়েছে। ২ জুলাইয়ের মধ্যে ভরাট না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রয়োজনে দিন-রাত ২৪ ঘণ্টা সমানতালে কাজ করার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’ইউএনও এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘চূড়ায় মাটি ভরাট শেষে সিঁড়িটিও ভরাট করে টিলা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভরাটের কাজ শেষ করতে না পারলে আমরা আইনগত পদক্ষেপ নেব।’উল্লেখ্য, সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের মলাইটিলার চূড়ায় কিছুদিন আগে বিশাল পুকুরসদৃশ গর্ত করা হলে টিলাটি ঝুঁকির মধ্যে পড়ে। পরিবেশ আইন ফাঁকি দিয়ে পুরো টিলা ধ্বংস করা এর লক্ষ্য ছিল বলে সবার ধারণা। ১৬ জুন প্রথম আলোয় ‘টিলার চূড়ায় ‘পুকুর”’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে পরিবেশ অধিদপ্তর টিলার মালিককে জরিমানা করে ও গর্ত ভরাটের সময় বেঁধে দেয়।