
অতিবৃষ্টিতে হবিগঞ্জের চুনারুঘাট, মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সম্প্রতি বেশ কয়েকটি টিলা ধসে পড়েছে। আরও অনেক টিলা ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব টিলার আশপাশে মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে।
কসবায় টিলাধসের পরও সরছে না মানুষ
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের অন্তত ছয়টি টিলায় ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এরপরও সেখানে বাস করছে মানুষ।
বায়েক ইউনিয়নের কাশিরামপুর গ্রামের সানু মিয়ার বাড়ির দক্ষিণ পাশের টিলাটি ধসে পড়েছে। সানু মিয়া বলেন, সপ্তাহখানেক আগে গভীর রাতে টিলাটি ধসে পড়ে। এখন তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। সানু মিয়ার বাড়ি পেরিয়ে কিছুটা এগোলেই কোল্লাপাথর গ্রাম। সেখানে সামসু মিয়ার মালিকানাধীন টিলার কিছু অংশ ধসে রাস্তায় পড়েছে। আবার ধস হলে রাস্তাটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাবে। একই গ্রামের নাছির মিয়ার বাড়ির টিলাটি বড় আকারে আর কিরণ মিয়ার বাড়ির টিলাটির কিছু অংশ ধসে পড়েছে।
কোল্লাপাথর গ্রামের মফিজ মিয়ার বাড়ির টিলাটিও ১৯ জুন ধসে পড়ে। এটিকে ঝুঁকিপূর্ণ টিলা হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মফিজ মিয়া বলেন, রাতের বেলা প্রচণ্ড বৃষ্টিতে টিলা ধসে পড়ে। ধসে পড়া মাটি পাশের রাস্তায় পড়ায় রিকশা চলতে পারছে না।
বায়েক ইউপির চেয়ারম্যান মো. আল-মামুন সরকার বলেন, স্থানীয় ইউপি সদস্যদের নিয়ে বৈঠক করে ঝুঁকিপূর্ণ টিলার তালিকা তৈরির কাজ চলছে। ইতিমধ্যে পুরো ইউনিয়নে মাইকিং করে টিলার আশপাশ থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিদ্বার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন টিলার কিছু অংশ ধসে পড়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে বিদ্যালয়টি। কসবার ইউএনও হাসিনা ইসলাম ২২ জুন পরিদর্শন করে টিলাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। ইউএনও বলেন, এসব টিলার আশপাশে কেউ যেন বাস না করে, সে জন্য মাইকিং করা হয়েছে।
কমলগঞ্জে ৭ খাসিয়াপুঞ্জিতে নজরদারি
পাহাড়ধসের আশঙ্কায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাতটি খাসিয়াপুঞ্জিতে নজরদারি বাড়িয়েছে উপজেলা প্রশাসন। এই সাতটি পুঞ্জি হলো কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া, মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা, হীরামতি ও গবিনছড়া, আলীনগর ইউনিয়নের ডবলছড়া, ইসলামপুর ইউনিয়নের কুরমা এবং আদমপুর ইউনিয়নের কালেঞ্জী।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিতমাগুরছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি জিডিশন প্রধানসুচিয়াং ও ডবলছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান ভি প্রধান সুচিয়াং বলেন, খাসিয়ারা সুদীর্ঘকাল ধরে এসব পাহাড়ি টিলা বন্দোবস্ত নিয়ে বসবাসসহ জুমচাষ করে আসছে। খাসিয়ারা খুব সতর্কতার সঙ্গে মাচাং করে কাঁচা-পাকা ঘর নির্মাণ করে। তারা নিজেদের স্বার্থে কখনো পাহাড় কাটে না। সুতরাং খাসিয়াপুঞ্জিগুলোতে পাহাড়ধসের আশঙ্কা খুবই কম। তারপরও খাসিয়া পরিবারগুলো সাবধানতা অবলম্বন করেছে।
এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরেরই বাঘমারা এলাকায় গত ১৯ জুন পাহাড়ধসে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল।
এদিকে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা পাহাড়ি টিলার পাদদেশে অনেকে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন বাস করছে। গত ১৮ জুন ইউএনও মোহাম্মদ মাহমদুল হক এলাকাটি পরিদর্শন করেন। এ সময় ঝুঁকিতে থাকা দুটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়।এ ছাড়া মাইকিং করে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসরত বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ইউএনও বলেন, অধিক বৃষ্টিতে যেকোনো সময় টিলা ধসে বিপদ ঘটতে পারে। তাই পরিবার দুটিকে সরিয়ে নেওয়া হয়। আর সাতটি খাসিয়াপুঞ্জিতে ৪০-৪৫টি করে পরিবার বাস করছে। পরিবারগুলো আবাসস্থল নিরাপদ দাবি করছে। তারপরও উপজেলা প্রশাসন নজরদারি অব্যাহত রাখবে।
চুনারুঘাটে ঝুঁকিতে ৫০ পরিবার
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের পূর্ব পাশে পাহাড় ও টিলায় বাস করছে প্রায় ৪০টি টিপরা পরিবার। আশপাশে আছে ১০টি বাঙালি পরিবার। সম্প্রতি অতিবৃষ্টি ও ঝড়েস্থানীয় বাসিন্দা উমেশ সাঁওতাল (৪০), জগৎ সাঁওতাল (৩৯) ও স্বর্ণা অন্তরায়ের (৪৬) বসতঘর ভেঙে পড়ে। খবর পেয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরাসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ওই তিনটি পরিবারকে উদ্ধার করে নিয়ে আসেন।
ইউএনও বলেন, ‘সাতছড়ির টিপরাহাটিতে ৪০টি পরিবারের লোকজন ঝুঁকিতে বাস করছে। আমরা তাদের নিরাপদ স্থানে বসবাসের জন্য বললেও তারা নিজেদের এই স্থান ছাড়ছেন না।’ তিনি আরও বলেন, পরিবারগুলোর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এডিবির সহযোগিতায় তাদের পুনর্বাসনের চেষ্টা করছি। তবে যে পরিমাণ বরাদ্দ আছে, তা দিয়ে সবাইকে পুনর্বাসন সম্ভব নয়। জেলা প্রশাসনের কাছে বাড়তি সহায়তা চাওয়া হয়েছে।
জুড়ীতে ‘আশ্রয়কেন্দ্র’ই ঝুঁকির মুখে
জুনের শুরুতে টানা বৃষ্টিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে টিলাধস দেখা দেওয়ায় ২২টি পরিবার আশ্রয় নেয় মনতৈল এলাকার কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু বিদ্যালয়টির পাশ ঘেঁষে রয়েছে একটি উঁচু টিলা। অতিবৃষ্টিতে টিলাটির একাংশ ধসে পড়ায় বিদ্যালয়টি এখন ঝুঁকিতে পড়েছে। প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। তাই শিশুরা টিলার নিচে খেলাধুলা করে। টিলার নিচে যেতে বারণ করলেও শিশুরা সেখানে চলে যায়।
ইউএনও মিন্টু চৌধুরী মুঠোফোনে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন হবিগঞ্জ, কমলগঞ্জ (মৌলভীবাজার), কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি]