ট্রেডিং করপোরেশন বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করতে এক হাজার কোটি টাকার তহবিল দেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যাদির দাম নিয়ন্ত্রণে রাখতে এ তহবিল দিতে বলা হয়েছে। কমিটি মনে করছে, বর্তমানে টিসিবির যে অর্থ রয়েছে তা বাজার নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। বুধবার দুপুরে সংসদ সচিবালয়ে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি লুত্ফুল হাই সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে লুত্ফুল হাই বলেন, রমজান মাসে যেসব পণ্যের চাহিদা বেড়ে যায়, টিসিবির মাধ্যমে আগে থেকেই সেসব পণ্যের মজুদ গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। আর এ জন্যই টিসিবির সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, টিসিবি আমিদানি করা দ্রব্যের মাত্র ছয় শতাংশ আমদানি করে। আর টিসিবির সক্ষমতা বাড়ানোর জন্য অর্থের প্রয়োজন। এ প্রস্তাবের সঙ্গে বৈঠকে উপস্থিত বাণিজ্যমন্ত্রী ফারুক খানও একমত হয়েছেন বলে জানান। সভাপতি বলেন, রমজান মাসে চিনির চাহিদা বেড়ে গিয়ে এক লাখ ৩৩ হাজার টনে দাঁড়ায়। সে সময় ডালের চাহিদা ৫০ হাজার টন এবং ভোজ্যতেলের চাহিদা থাকে ১০ হাজার টন। বর্তমানে সরকারের কাছে ৬০ হাজার টন চিনি ও পাঁচ হাজার টন ভোজ্যতেল মজুদ আছে। রমজান মাস সামনে রেখে আরও এক লাখ টন চিনি ও পাঁচ হাজার টন ভোজ্যতেল মজুদ করা হবে। সভাপতি বলেন, এসবের পাশাপাশি মসলাজাতীয় প্রয়োজনীয় পণ্যেরও পর্যাপ্ত মজুদ গড়া হবে। প্রয়োজনীয় এসব পণ্য আমদানির জন্যই টিসিবিকে এক হাজার কোটি টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আমদানিকারকদেরও এসব পণ্য নিয়ে আসার জন্য উত্সাহ দেওয়া হচ্ছে।