টিসিবির দোকানে সার স্যানিটারি সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতারা পাবনায় টিসিবির ন্যায্যমূল্যের দোকানে গিয়ে ছোলা, ডাল, চিনি, তেল ও খেজুর পাচ্ছেন না। এসব দোকানে বিক্রি হচ্ছে স্যানিটারির সামগ্রী, জৈব সার, হার্ডওয়্যার সামগ্রী ও কাঠের আসবাব। ক্রেতাদের অভিযোগ, ডিলাররা টিসিবির রাজশাহী কার্যালয় থেকে পণ্য তুলে সেখানেই বিক্রি করে দিচ্ছেন। পাবনা জেলা প্রশাসনের ক্রয়-বিক্রয় শাখা সূত্রে জানা গেছে, পাবনার নয়টি উপজেলায় টিসিবির মোট ১৮ জন ডিলার আছেন। এর মধ্যে পাবনা সদর উপজেলায় তিন, সুজানগরে তিন, ভাঙ্গুড়ায় দুই, আটঘরিয়ায় এক, ফরিদপুরে দুই, চাটমোহরে এক ও ঈশ্বরদীতে ছয়জন ডিলার। টিসিবি রাজশাহীর বিভাগীয় কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, রমজান মাসে টিসিবি ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত পাবনার মোট ১৮ জন ডিলারের প্রত্যেককে ৫০০ কেজি ছোলা, ৫০০ কেজি মসুর ডাল, ২০০০ কেজি চিনি, ১২০০ লিটার সয়াবিন তেল ও ৫০০ কেজি করে খেজুর দেওয়া হয়েছে। ডিলাররা এসব পণ্য নিয়ে গেছেন। আটঘরিয়া উপজেলা সদরের জয়েন উদ্দিন জানান, তিনি টেলিভিশনে টিসিবির ন্যায্যমূল্যের দোকানের সম্পর্কে শুনেছেন। কিন্তু বাস্তবে এই দোকানের সন্ধান পাননি। কোথায় টিসিবির পণ্য বিক্রি হয়, তা তিনি জানেন না।পাবনা শহরের শালগড়িয়া মহল্লার রাসেল রহমান বলেন, ‘বহু খোঁজাখুঁজির পর শহরের পাথরতলা মহল্লায় টিসিবির একটি দোকানের খোঁজ পেয়েছিলাম। কিন্তু সেখানে কোনো দিন পণ্য পাইনি। দোকানে গেলেই বলে, পণ্য শেষ হয়ে গেছে।’সরেজমিনে দেখা গেছে, পাবনা সদর উপজেলায় তিনজন ডিলার থাকলেও দুজনের কোনো অস্তিত্ব নেই। শহরের চাতলা মোড়ে নাজমুল হাসান নামের এক ডিলারের সন্ধান পাওয়া গেলেও তাঁর দোকানে টিসিবির কোনো সাইনবোর্ড বা ব্যানার নেই। রাসেল স্যানিটারি নামের দোকানটিতে তিনি স্যানিটারির সামগ্রী বিক্রি করেন। নাজমুল হাসান বলেন, ‘টিসিবি হঠাৎ করে অল্প পরিমাণে পণ্য দেয়। তাই স্থায়ী কোনো দোকান নেওয়া হয়নি। এই স্যানিটারির দোকান থেকেই পণ্য বিক্রি হয়। রোজার আগে যে পণ্য পেয়েছিলাম, তা বিক্রি হয়ে গেছে।’চাটমোহর উপজেলার রেলবাজার এলাকার ডিলার আবদুল কুদ্দুসের দোকানে বিক্রি হচ্ছে জৈব সার আর ভাঙ্গুড়ার নাজমুল হোসেনের দোকানে হার্ডওয়্যার সামগ্রী। দুটি দোকানের কোনোটিতেই টিসিবির কোনো সাইনবোর্ড বা ব্যানার নেই। ফরিদপুর, ঈশ্বরদী ও সুজানগরে টিসিবির অধিকাংশ ডিলারের সন্ধান পাওয়া যায়নি। যাঁদের সন্ধান মিলেছে, তাঁরা অন্য ব্যবসার সঙ্গে জড়িত। জেলা প্রশাসনের ক্রয়-বিক্রয় শাখার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, ‘এতদিন টিসিবি ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের বিষয়ে আমাদের কিছু জানায়নি। বৃহস্পতিবার পাবনার ১৮ জন ডিলারের একটি তালিকার অনুলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু ওই অনুলিপির লেখাগুলো অস্পষ্ট। তাই কাদের ডিলার করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না।’ জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘টিসিবি কোথায় কীভাবে বা কাদের মাধ্যমে পণ্য বিক্রি করছে, তা আমাদের জানায়নি। এ কারণে এ বিষয়ে আমরা কোনো তদারকি করতে পারিনি। ভোক্তারা পণ্য পাচ্ছেন কি না, তাও জানি না।’