টিসিবির নিত্যপণ্যে খুশি ক্রেতারা
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি দিয়ে সারা দেশে নানা নিত্যপণ্য বিক্রি করছে। ক্রেতারা বলছেন, প্রতিষ্ঠানটি যেসব পণ্য বিক্রি করছে, এর মান ভালো। দামেও বাজারের পণ্য থেকে কম। এ জন্য চাহিদাও বেশি।
টিসিবি সূত্র জানায়, স্থায়ীভাবে ঢাকায় কারওয়ান বাজারে প্রধান কার্যালয়ের পাশে একটি, তেজগাঁও এলাকায় একটি, নারায়ণগঞ্জর ফতুল্লার নিউদাপা এলাকায় একটি এবং সারা দেশের বিভাগীয় শহরগুলোতে টিসিবি কম দামে পণ্য বিক্রি করে।
কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় গিয়ে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, টিসিবির পণ্যের দাম বাজার থেকে তুলনামূলক কম। পণ্যের মানও ভালো।

বেসরকারি চাকরিজীবী মো. নুরুল ইসলাম কারওয়ান বাজার এলাকায় চাকরি করেন। তাঁর বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। তিনি গত দেড় বছর ধরে টিসিবির পণ্য কিনছেন। গতকাল তিনি চিনি ও তেল কেনেন। তিনি বলেন, ‘বাজারের দাম থেকে অনেক কমে এখান থেকে পণ্য কিনতে পারছি। তাই নিয়মিত এখান থেকে পণ্য কিনি।’ গতকাল মঙ্গলবার তিনি দুই কেজি চিনি আর পাঁচ লিটার তেল কেনেন। তিনি জানান, বাজারে চিনি ৭০ থেকে ৭৫ টাকা কেজি। কিন্তু এখানে পেলেন ৫৫ টাকায়।
পেট্রোবাংলায় চাকরি করেন নুরুল ইসলাম। তিনি পাঁচ বছর ধরে টিসিবির পণ্য কেনেন। বাজার থেকে এখানে কম দামে পণ্য মেলে বলেই তিনি টিসিবির পণ্য কেনেন। তিনি বলেন, ‘বাজারে যে পাঁচ লিটার তেল ৫০০ টাকা, সেই তেল এখানে ৪০০ টাকায় কিনতে পারছি। এটা আর কোথাও পাওয়া যাবে না। অন্যান্য পণ্যও মানসম্মত।’
তেজগাঁও এলাকার বাসিন্দা আবুল হোসেন এসেছিলেন তেল কিনতে। পাঁচ লিটার তেল ৪০০ টাকায় পেয়ে তিনি সন্তুষ্ট। তাঁর ভাষ্য, ‘অনেক সময় মানুষের ভিড় থাকে বলে এখানে পণ্য কিনতে কষ্ট হয়। এরপরও কম দামে পাই, এটাই শান্তি।’
টিসিবি কারওয়ান বাজারের বিক্রেতা মো. রুবেল বলেন, তিনি এখানে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, তেল পাঁচ লিটার ৪০০ টাকা, ডাল প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি করছেন। রোজা শুরুর আগে ছোলা ও খেজুর পাওয়া যাবে বলে জানান তিনি। তবে এই দুটি পণ্যের দাম এখনো ঠিক হয়নি। গত বছর ছোলা বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি দরে। খেজুর ৮০ টাকায়।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে চিনি ৭২ থেকে ৭৮ টাকা, তেল পাঁচ লিটার ৪৯০ থেকে ৫০০ টাকা, ডাল ১৩০ থেকে ১৪০ টাকা কেজি, ছোলা প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ১৫ মে থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। গত বছরের মতোই এবারও ২ হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করবেন। এসব পণ্য সারা দেশে মোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।