টিসিবির পণে৵র সুফল পাচ্ছে না স্বল্প আয়ের মানুষ
দিনাজপুর শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম থেকে নিম্ন আয়ের মানুষেরা সুফল পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ডিলাররা প্যাকেজ পদ্ধতিতে পণ্য বিক্রি করায় এবং চাহিদার তুলনায় পণ্য কম থাকায় এ সমস্যা হচ্ছে বলে জানা গেছে।
টিসিবির রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ভোক্তারা জনপ্রতি কিনতে পারবে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা ও ৫ লিটার সয়াবিন তেল।
গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেখা গেল, দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়কে ট্রাকে করে বিক্রি হওয়া পণ্যের চারপাশে ভিড়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি হচ্ছিল ডিলার মোজাফ্ফর হোসেনের লতা স্টোরের পণ্য। প্রতি প্যাকেজে তাঁরা একেকজন ভোক্তার কাছে বিক্রি করছেন ভোজ্যতেল ৫ কেজি, চিনি ৩ কেজি, মসুর ডাল ৩ কেজি ও ছোলা বুট ৩ কেজি। সাকল্যে এর দাম দাঁড়ায় ১ হাজার ৪০ টাকা।
লতা স্টোরের ব্যবস্থাপক মমতাজ আলী জানান, ‘এভাবে পণ্য বিক্রির অনুমতিও আমাদের নেওয়া আছে।’ আরেক ডিলার কানাইলালও একই কথা জানান।
আফরোজা বেগমের বাড়ি দিনাজপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে মালিগ্রামে। দিনমজুরের কাজ করেন। শহরে কাজ শেষ করে এসেছিলেন ২ কেজি চিনি কিনতে। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর জানতে পারলেন, প্যাকেজ ছাড়া কিনতে পারবেন না। হতাশ হয়ে তিনি বাড়ি চলে যাচ্ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘হামরা গরিব মানুষ। সরকার তালে হামার তোনে কী করলি?’
দক্ষিণ গোসাইপুর গ্রামের কৃষক মো. জহুরুল ইসলাম বলেন, ‘এংক্যা নিয়ম তো বায় গেল বছরও আছিল না। জনগণ বেশ উপকার ভোগ করিচে। এব্যার যে ক্যান এংক্যা নিয়ম করলি সরকার কিচু বুজা পাচি না। হামার তোনে নিয়ম করিয়া উপুকার পাচে ধনী মানুষ।’
টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী মিশকাতুল আলম জানান, ‘প্যাকেজ পদ্ধতিতে পণ্য বেচতে হবে—এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ডিলারশিপ বাঁচাতে চাইলে তাদের অবশ্যই খুচরা বেচতে হবে।’