টিসিবির পণ্য কম, ক্রেতা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় রিকশার জটলা। সেখানে দাঁড়িয়ে কথা হচ্ছিল চালক রমজান আলীর সঙ্গে। কথার একপর্যায়ে ট্রাকে করে বিক্রি হওয়া টিসিবির পণ্য কিনেছেন কি না, জানতে চাইলে তাঁর উত্তর, ‘ট্রাকের জিনিস তো যাওয়ার আগেই শেষ হয়ে গেছে। কিনব ক্যামন করে।’

চাহিদার তুলনায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কম থাকায় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে ফিরে যেতে হয়েছে শহরের অনেক ভোক্তাকে।

টিসিবি রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে টিসিবির ২৪ জন ডিলার রয়েছেন। কিন্তু পণ্য তুলছেন মাত্র সুব্রত সরকার নামের এক ডিলার। টিসিবি থেকে প্রতিটি ট্রাকে বিক্রির জন্য একজন ডিলারকে এক দিনের জন্য ৫০০ কেজি চিনি, ৩০০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি মসুরের ডাল বরাদ্দ দেওয়া হয়। প্রতি কেজি চিনি ৫৫, মসুরের ডাল ৯০ ও সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করার কথা। একেকজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। কিন্তু তা শহরের চাহিদার তুলনায় অনেক কম।

এই সীমিত পণ্য নিয়েই টিসিবির এক ডিলার গতকাল রোববার ঠাকুরগাঁও শহরে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেন। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দেখা গেছে, টিসিবির পণ্য বহন করা ট্রাকে যে পরিমাণ পণ্য রয়েছে, তার তুলনায় ক্রেতার ভিড় বেশি। চাহিদামতো পণ্য পেতে ক্রেতারা হুড়োহুড়ি করছেন। অনেক পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কথা হয় শান্তিনগরের বাসিন্দা পুলক রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘টিসিবির তেল কিনতে চেয়েছিলাম। কিন্তু বিক্রেতা জানিয়েছেন, সয়াবিন তেল শেষ হয়ে গেছে। পরে দুই কেজি চিনি কিনে বাড়ি ফিরছি।’

দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নর্থ সার্কুলার সড়কে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হতে দেখা গেছে। সে সময় শহরের খালপাড়ার বাসিন্দা রিকশাচালক আহম্মেদ আলী বলেন, তিনি আদালত চত্বরে এসেছিলেন। টিসিবির পণ্য বিক্রি হচ্ছে দেখে ভেবেছিলেন, যাওয়ার সময় চিনি কিনে নিয়ে যাবেন। কিন্তু কিনতে গিয়ে দেখেন, তা শেষ হয়ে গেছে।

টিকিয়াপাড়া থেকে আসা আনোয়ার হোসেনও চাহিদামতো চিনি কিনতে পারেননি। তিনি বলেন, ‘ট্রাকে পণ্য বেশি রাখার দরকার, যাতে ক্রেতারা এসে খালি হাতে ফিরে যেতে না হয়।’

ডিলার সুব্রত সরকার বলেন, ঠাকুরগাঁও শহরে ১২ জন ডিলার দিয়ে টিসিবির পণ্য বিক্রি করার কথা। কিন্তু কোনো ডিলার বিক্রির জন্য টিসিবির পণ্য উত্তোলন করেননি। শহরে যে পরিমাণ টিসিবির পণ্যের চাহিদা রয়েছে, তা একজন ডিলারের নামে বরাদ্দ দেওয়া পণ্য দিয়ে পূরণ করা সম্ভব নয়। সে কারণে তাঁদের অনেক মানুষের কথা শুনতে হয়।

নেজারত ডেপুটি কালেক্টর মো. মাহবুবুল হক বলেন, শহরে যে পরিমাণ চাহিদা রয়েছে, শুধু এক ডিলারের পণ্য দিয়ে তা মেটানো সম্ভব নয়। বাকি ডিলাররা কেন পণ্য উত্তোলন করলেন না, তা খতিয়ে দেখা হবে।

টিসিবি রংপুর কার্যালয়ের প্রধান মিশকাতুল আলম বলেন, টিসিবির পণ্যের চাহিদা থাকলেও নির্দিষ্ট বরাদ্দের বাইরে কোনো ডিলারকে বেশি পণ্য দেওয়ার সুযোগ নেই। অন্য ডিলাররা পণ্য না তোলা পর্যন্ত এ সীমিত বরাদ্দ দিয়েই চালিয়ে নিতে হবে।