টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম নেই মাদারীপুরে
রোজার প্রায় অর্ধেক চলে গেলেও মাদারীপুরে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম এখনো শুরু হয়নি। লোকসানের ভয়ে ডিলাররা এখনো পণ্যই ঘরে তোলেননি। ফলে স্বল্পদামে পণ্য কিনতে না পারায় প্রশাসনকে দুষছেন সাধারণ মানুষ।
জানা যায়, রোজায় নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে খোলাবাজারে পণ্য বিক্রির কার্যক্রম চালু করেছে সরকারি সংস্থা টিসিবি। এরই অংশ হিসেবে মাদারীপুরে একাধিক ডিলার থাকলেও এখনো চালু হয়নি টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। ফলে সাধারণ মানুষের জন্য সরকারের এই উদ্যোগ কাজে আসছে না। এতে স্বল্পমূল্যে পণ্য কিনতে না পারায় প্রশাসনের অবহেলাকেই দুষছেন সাধারণ মানুষ।
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রমতে, সদর, শিবচর ও রাজৈর উপজেলায় টিসিবির পণ্য বিক্রির জন্য ১৬ জন ডিলার রয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনের ডিলারশিপের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। বাকি ৪ জন ডিলার হলেন মাদারীপুর সদরের মেসার্স বাবুল চন্দ্র দাস, শিবচরের মেসার্স মুন্সী রাইস মিল ও মেসার্স শাওন এন্টারপ্রাইজ এবং রাজৈরের মেসার্স হায়দার এন্টারপ্রাইজ। এই ডিলারদের প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা, মসুর ডাল ৮০ টাকা, চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা ও খেজুর ১২০ টাকা দরে বিক্রির কথা রয়েছে। কিন্তু তা বিক্রি করছেন না কেউ। এদিকে ১২ জন ডিলারের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের ডিলারশিপ নবায়নের উদ্যোগও নেই।
শহরের পুরানবাজারে আসা ক্রেতা বায়জিদ কামাল বলেন, ‘সরকারি সংস্থা টিসিবি কম দামে পণ্য বিক্রি করলেও আমরা মাদারীপুরবাসী তা কিনতে পারছি না। কোথাও নেই তাদের পণ্য। তাই খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।’
পৌর এলাকার চরমুগুরিয়া মার্কেটে বাজার করতে আসা ক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘রোজার দিন বেড়েই চলেছে কিন্তু টিসিবির পণ্য বাজারে নেই। অন্য জেলায় রোজার শুরুতেই বিক্রি শুরু হয়েছে কিন্তু আমাদের এখানে এখনো শুরুই হয়নি। আমরা দ্রুত এই সেবা চালুর দাবি জানাই।’
মস্তফাপুর বাজারে পণ্য কিনতে আসা জুয়েল হোসেন বলেন, অন্য জেলার মতো মাদারীপুরেও টিসিবির পণ্য বিক্রির কথা রয়েছে। কিন্তু প্রশাসন চুপ থাকায় ডিলাররা পণ্য গোডাউনে মজুত করছেন। সাধারণ মানুষের কথা চিন্তা করে তাঁদের উচিত রোজার বাকি দিনগুলোতে খোলাবাজারে পণ্য বিক্রি করা।
মাদারীপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য আঞ্জুমান জুলিয়া বলেন, এই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ থাকার অন্যতম কারণ হচ্ছে ডিলারদের সিন্ডিকেট। তাই যাঁরা এখনো এই কার্যক্রম চালাতে ব্যর্থ হচ্ছেন, তাঁদের ডিলারশিপ বাতিল করে সঠিক শর্তে নতুন ডিলার নিয়োগ দেওয়া উচিত। এ ছাড়া প্রশাসনের এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা উচিত।
টিসিবির মাদারীপুর সদরের ডিলার বাবুল চন্দ্র দাস বলেন, ‘কম বরাদ্দ, পণ্যের গুণগত মান নিম্নমানের হওয়ার পাশাপাশি বরিশাল ডিপো থেকে পণ্য আনার আলাদা খরচের কারণে টিসিবির পণ্য সরকার নির্ধারিত দামে বিক্রি করতে আগ্রহ নেই। প্রতিটি পণ্যই বাজারের পণ্য থেকে একটু নিম্নমানের। যার ফলে ক্রেতারা একটু নিম্নমানের পণ্য কিনতে চান না। তাই আমরা বরিশাল থেকে কেউ পণ্য ক্রয় করছি না।’
রাজৈরের মেসার্স হায়দার এন্টারপ্রাইজ, শিবচরের মেসার্স মুন্সী রাইস মিল ও মেসার্স শাওন এন্টারপ্রাইজের সঙ্গে মুঠোফোন খুদে বার্তা দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, অতি জরুরি ট্রাকে করে ব্যানার টানিয়ে খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রি করতে ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি সাধারণ মানুষ রোজার দিনে কম দামে পণ্য কিনতে পারবে।