টিসিবির পণ্য বিক্রির কেন্দ্র বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রির কেন্দ্র কম হওয়ায় অনেক স্থানের লোকজন পণ্য কিনতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। নগরের বিশাল এলাকার মধ্যে পাঁচটি স্থানে এই পণ্য বিক্রি হচ্ছে। কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছেন নগরবাসী।
রংপুর টিসিবি কার্যালয় থেকে জানা যায়, সিটি করপোরেশন এলাকার মাত্র পাঁচটি স্থানে (যা আগের পৌরসভা) সিও বাজার, কাছারিবাজার, সিটি করপোরেশনের সামনে, শাপলা চত্বর ও মাহিগঞ্জ বঙ্গবন্ধু হাসপাতালের সামনে ট্রাকে করে প্রতিদিন টিসিবির পণ্য সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা বিক্রি করা হচ্ছে। সাবেক পৌরসভা থেকে সিটি করপোরেশনের আয়তন চার গুণ বেড়েছে। এর পরও আগের নিয়মে আগের স্থানেই ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
বর্ধিত এলাকায় এসব পণ্য বিক্রি করা হয় না বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন। অনেক দূরের পথ পাড়ি দিয়ে অনেককে পণ্য সংগ্রহ করতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, এসব পণ্য বিক্রির এক স্থান থেকে আরেক স্থানের দূরত্ব মাত্র দুই থেকে তিন কিলোমিটার। এগুলো ৫৫ বর্গকিলোমিটারের পৌরসভা থাকাকালের কেন্দ্র। অথচ সিটি করপোরেশনের ২০৩ বর্গকিলোমিটারের উল্লেখযোগ্য স্থানে পণ্য বিক্রির কেন্দ্র নেই।
সাতগাড়া বড়বাড়ি এলাকার মমদেল হোসেন সরকার বলেন, শুধু শহরের লোকজনের জন্য টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে। শহরতলির লোকজন ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারছেন না। তাই নগরের আরও কয়েকটি উল্লেখযোগ্য স্থানে টিসিবির পণ্য বিক্রয়কেন্দ্র খোলা হোক।
বুড়িরহাট এলাকার কৃষক একরামুল, আলাউদ্দিন, দিদারুল, স্বপন চৌধুরী বলেন, এলাকা বাড়িয়ে সিটি করপোরেশন করা হলেও সেবার মান নেই। ন্যায্যমূল্যে সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে টিসিবির পণ্য বিক্রয়কেন্দ্র চাই।
শহরের পার্কের মোড় এলাকার ব্যাংক কর্মচারী রমজান আলী বলেন, সিটি করপোরেশনের যেমন আয়তন বেড়েছে, তেমনি লোকসংখ্যাও বেড়েছে। তাই আগের নিয়মে পণ্য বিক্রির স্থান ঠিক রেখে আরও নতুন এলাকা বাড়ানো প্রয়োজন।
টিসিবির পণ্য এক লিটারের সয়াবিন তেলের বোতল ১০৭ টাকা, প্রতি কেজি চিনি ৪০ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও ছোলা ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে প্রতিদিন এক হাজার কেজি চিনি, ৪০০ কেজি করে মসুর ডাল ও ছোলা ৪০০ কেজি এবং ২০০ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে।
টিসিবি রংপুরের আঞ্চলিক কর্মকর্তা সুজাউদ্দৌলা সরকার পণ্য বিক্রির কেন্দ্র বাড়ানোর কথা উল্লেখ করে করে বলেন, এ জন্য চাহিদাপত্র ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।