ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ডিলারদের পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অফিস খরচ, শ্রমিকদের বকশিশের অজুহাতে ডিলারদের কাছ থেকে অর্থ আদায়, অনিয়মিত ডিলারদের পণ্য সরবরাহ করাসহ নানা অনিয়ম চলছে।
ডিলারদের অভিযোগ, এসব নিয়ে প্রতিবাদ করলেই নিয়মিত ডিলারদের তালিকা থেকে বাদ দিয়ে পছন্দের ডিলারদের পণ্য সরবরাহ করা হচ্ছে। এভাবে নিয়মিত ডিলাররা পণ্য আনতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে তাঁদের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১৫ মে থেকে বরিশালে প্রয়োজনীয় চারটি পণ্য খোলাবাজারে বিক্রি শুরু করে। ট্রাকে করে বিক্রির জন্য প্রতি ডিলারকে শুরুতে রোজ ৪০০ কেজি ছোলা, ৬০০ কেজি চিনি, অস্ট্রেলিয়ার মসুর ডাল ২৫০ কেজি এবং পুষ্টি ব্র্যান্ডের ৪০০ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে। তবে বাজারে তেলের চাহিদা থাকলেও শুরুর সপ্তাহ যেতেই সয়াবিন তেল অর্ধেকটা কমিয়ে প্রতি ডিলারকে বর্তমানে ২০০ লিটার করে দেওয়া হচ্ছে। ট্রাকে করে পণ্য বিক্রি করে ডিলাররা গড়ে কেজিপ্রতি সাড়ে ৪ টাকা কমিশন পান। দোকানে বিক্রি করা ডিলারদের বেলায় এই কমিশন সাড়ে ৩ টাকা।
টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মো. শহিদুল ইসলাম জানান, আঞ্চলিক কার্যালয় থেকে বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠীর মোট ১২২ জন ডিলার পণ্য তোলেন। এর মধ্যে ৪১ জন ডিলার আছেন যাঁরা নিয়মিত পণ্য বিক্রি করেন। এর মধ্যে রোটেশন অনুযায়ী বরিশাল নগরে পাঁচজন, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠিতে দুজন করে ডিলার ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করছেন।
নিয়মিত পণ্য বিক্রি করেন বরিশাল সদর ও বিভাগের অন্য জেলা থেকে আসা অন্তত তিনজন ডিলার অভিযোগ করেন, নিয়ম হলো যেসব ডিলার নিয়মিত টিসিবির পণ্য বিক্রি করেন, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া। কিন্তু এই নিয়ম উপেক্ষা করা হচ্ছে পণ্য সরবরাহের ক্ষেত্রে। তাঁরা অভিযোগ করেন, যেসব ডিলার ৪ বছর ধরে টিসিবির পণ্য নেননি, এবার টিসিবির অসাধু কিছু কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে তাঁদের তালিকাভুক্ত করে পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছেন। রোটেশন অনুযায়ী ডিলাররা পণ্য পাওয়ার নিয়ম থাকলেও তা লঙ্ঘন করে পছন্দের ডিলারকে পণ্য সরবরাহ করা হচ্ছে।
ডিলাররা বলেন, পণ্য বিক্রি করে তাঁরা যে কমিশন পান, তা কখনো হিসাব-নিকাশ শেষে কোনো কোনো দিন লোকসান গুনতে হয়। এর মধ্যে আবার অফিসে ৪০০, শ্রমিকদের ২০০ টাকা করে দিতে হয় খরচ হিসেবে। দিতে অনীহা দেখালে হয়রানি করা হয়।
নিয়ম অনুযায়ী, টিসিবির গুদাম থেকে পণ্য ট্রাকে তুলে দেওয়ার জন্য ঠিকাদারের নিয়োগকৃত শ্রমিক আছেন। তাঁদের টনপ্রতি ৬৫ টাকা করে পারিশ্রমিক ধরা আছে।
তবে শ্রমিক সরদার মো. মজিবর বলেন, ৬৫ টাকা মজুরি ধরা থাকলেও তাঁরা টনপ্রতি পান মাত্র ৫০ টাকা। ১৫ টাকা নিচ্ছেন ঠিকাদার। এখানে ১২ জন শ্রমিক কাজ করেন, প্রতিদিন যে পয়সা পান তাতে সংসার চলে না। এ জন্য ডিলারদের কাছ থেকে তাঁরা ২০০ টাকা করে বকশিশ নেওয়ার কথা অকপটে স্বীকার করেন।
এসব অনিয়মের বিষয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের প্রধান হাওলাদার মো. মাসুম বলেন, ‘ইতিমধ্যেই আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিলারদের কাছে থেকে টাকা নিতে নিষেধ করে দিয়েছি। এরপরও টাকা নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’