টিসিবির পণ্য সংগ্রহ করছেন না ডিলাররা, ক্রেতারা হতাশ
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৩ জন ডিলারের কেউ পণ্য সংগ্রহ করেননি। পেঁয়াজ, চিনি ও সয়াবিন তেলের বাজারদর বেশি হওয়ায় কোরবানি ঈদের আগে টিসিবির পণ্য না পাওয়ায় হতাশ স্থানীয় ক্রেতারা।
উপজেলার সরদারপাড়ার দু-তিনজন ক্রেতা বলেন, বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের দর ৭৫ টাকা, চিনি ৩৯ টাকা এবং প্যাকেটজাত প্রতি লিটার সয়াবিন তেল ৯৪ টাকা। কিন্তু টিসিবির দর অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, চিনি ৩৭ টাকা এবং প্যাকেটজাত প্রতি লিটার সয়াবিন তেল ৮৯ টাকা। তাই বাজারের চেয়ে কম দামে এসব পণ্য কিনতে টিসিবির পণ্যই তাঁদের পছন্দ। কিন্তু এত ডিলার থাকার পরও কেউ পণ্য নিচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা যায়, টিসিবির ডিলারদের ১৩টি প্রতিষ্ঠান হলো মেসার্স তিতুমীর ট্রেডার্স, তিন ভাই চালকল, খান এন্টারপ্রাইজ, স্মৃতি কনস্ট্রাকশন, সেতু কনস্ট্রাকশন, মেহেদী এন্টারপ্রাইজ, আশিক ট্রেডার্স, রশিদুল হোসেন, প্রামাণিক ট্রেডার্স, এ এইচ এম শহীদুল ইসলাম, আমিনুর রহমান, সৈকত এন্টারপ্রাইজ ও মেসার্স আমিরুল ইসলাম। বিভিন্ন দোকানের নাম দিয়ে ডিলাররা তালিকাভুক্ত হয়েছেন।
মেসার্স তিতুমীর ট্রেডার্সের মালিক আবদুর রাজ্জাক বলেন, ‘টিসিবির সব ধরনের পণ্য না নিলে কর্তৃপক্ষ পণ্য দেয় না। এতে বাজারদরের সঙ্গে পাল্লা দিয়ে পণ্য বিক্রি করতে গেলে লোকসান গুনতে হয়। আবার পণ্যগুলো নিম্নমানের হওয়ায় বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি করা যায় না।’
মেসার্স প্রামাণিক ট্রেডার্সের মালিক আমিরুল ইসলাম বলেন, ‘সয়াবিন তেলের প্যাকেটের মেয়াদ কম। এত কম সময়ে বিক্রি করতে না পারলে লোকসান হবে। আবার পেঁয়াজ ট্রাকে করে বিক্রি না করলে কর্তৃপক্ষ পেঁয়াজ দেয় না।’
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ বলেন, ‘টিসিবির ডিলারদের বারবার ডেকেও তাঁদের সঙ্গে সভা করতে পারিনি। দু-একজন ডিলারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন, বাজারের চেয়ে টিসিবির পণ্যের দাম কম হলেও পার্থক্য কম থাকায় লোকসানের ভয়ে তাঁরা পণ্য সংগ্রহ করছেন না।’
টিসিবির আঞ্চলিক কার্যালয় রাজশাহীর সহকারী কার্যনির্বাহী আনিসুর রহমান বলেন, ‘পণ্য সংগ্রহ করার জন্য প্রত্যেক ডিলারকে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। এবার প্রতিটি পণ্য ভালো মানের। প্যাকেটজাত সয়াবিন তেলের মেয়াদ এক বছরের। আর যাঁরা ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করবেন, শুধু তাঁদের পেঁয়াজ দেওয়া হবে।’