চাহিদার তুলনায় কম সরবরাহ করায় শেরপুরের নালিতাবাড়ীর অনেক মানুষ টিসিবির পণ্য কিনতে পারছেন না। প্রায় প্রতিদিনই তাঁরা টিসিবির ডিলারদের দোকানে এসে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।
জানা গেছে, রমজান মাসে গরিব ও অসহায় মানুষকে কম দামে পণ্য সরবরাহ করা এবং দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে নালিতাবাড়ী উপজেলায় তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সরবরাহ করা হয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ না করায় এক সপ্তাহে সব পণ্য বিক্রি হয়ে গেছে।
টিসিবি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ মে নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় মেসার্স চকন এন্টারপ্রাইজ ও মেসার্স জনি ট্রেডাস এবং নন্নী ইউনিয়নে নুর হোসেন ট্রেডার্সের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের টিসিবির কার্যালয় থেকে প্রতি ডিলারকে ৪০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল, ৫০০ কেজি ছোলা ও ২০০ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়েছে। এখানে প্রতি কেজি চিনি ৫৫, মসুর ডাল ৮০, ছোলা ৭০ ও সয়াবিন তেল ৮৫ টাকায় বিক্রি করা হয়েছে। ১৮ থেকে ২৫ মে পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানের সব পণ্য বিক্রি হয়ে গেছে। এখন এই তিনটি প্রতিষ্ঠানে সরবরাহ না থাকায় প্রতিদিন শত শত ক্রেতা পণ্য না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তাঁরা নতুন করে টিসিবির পণ্য সরবরাহের দাবি জানান।
চকপাড় মহল্লার নারী শ্রমিক হুসনে আরা বেগম বলেন, ‘সারা দিন কাম কইরা যা পাই, এই দিয়া চাইর পুলাপুরি লইয়া দিন চলে। হুনছি সরকার কম দামে তেল-চিনি দিব। কিনবার যাওনের আগেই জিনিস বেইচা শেষ কইরা হালাইছে। গরিবগর বেলায় এই রহমি অয়। হুনছি বাজারের তোলনায় এইন দাম কম। তাই আইছিলাম। কিন্তু এখানে আইয়া কিছু পাই নাই।’
চকন এন্টারপ্রাইজের ডিলার এ কে এম শামসুদ্দিন বলেন, ‘যে পরিমাণ পণ্য আমি পেয়েছি, দুই দিনে সব বিক্রি হয়ে গেছে। এখন প্রতিদিন টিসিবির পণ্য কিনতে এলাকার মানুষ ভিড় করেন। কিন্তু পণ্য না থাকায় গ্রাহকেরা হতাশ হয়ে ফিরে যান। এখানে আমাদের করার কিছুই থাকে না।’
মেসার্স জনি ট্রেডার্সের ডিলার আবদুল লতিফ বলেন, পণ্য না থাকায় প্রতিদিন লোকজন ঘুরে যান। টিসিবির কাছে যোগাযোগ করা হলেও পরে বরাদ্দ পাওয়া গেলে মেসেজের মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, চাহিদা অনেক বেশি থাকায় কয়েক দিনেই সব পণ্য বিক্রি হয়ে গেছে। উপজেলায় পুনরায় পণ্য সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
টিসিবি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম গতকাল বুধবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দ পেলে উপজেলা পর্যায়ের ডিলারদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পণ্য সরবরাহের বিষয়ে জানানো হবে।