টিসিবির পণ্যে আগ্রহ নেই পরিবেশকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য উত্তোলনে পরিবেশকদের আগ্রহ নেই। জেলায় টিসিবির মোট পরিবেশক (ডিলার) রয়েছেন ৪২০ জন। এর মধ্যে মাত্র ৬৩ জন পরিবেশক ৪ জুন থেকে এ পর্যন্ত পণ্য উত্তোলন করেছেন।
পরিবেশকেরা বলছেন, তেলের মেয়াদ রয়েছে ৩০ জুলাই পর্যন্ত। মেয়াদের মধ্যে বিক্রি করতে না পারলে ধরা খেতে হবে। কিন্তু তেল না তুললে অন্য পণ্য দেওয়া হবে না, সে জন্য টিসিবির পণ্য কেনায় পরিবেশকদেরও আগ্রহ নেই।
টিসিবি সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরের চতুর্থ বরাদ্দ এখন পাওয়া গেছে। নগরের মধ্যে টিসিবির ৮০ জন ও জেলায় ৩৪০ জন পরিবেশক রয়েছেন। বরাদ্দ অনুযায়ী প্রত্যেক পরিবেশক ৫০০ থেকে দেড় হাজার কেজি চিনি, ১০০ থেকে ২০০ কেজি ডাল, ৩০০ থেকে ৫০০ কেজি ছোলা ও ৩০০ থেকে ৮০০ লিটার পর্যন্ত তেল উত্তোলন করতে পারবেন। ৪ জুন থেকে পণ্য উত্তোলন শুরু হয়েছে। কিন্তু এ পর্যন্ত নগরের মাত্র ১১ জন ও নগরের বাইরের ৫২ জন পরিবেশক অল্প পরিমাণে পণ্য উত্তোলন করেছেন।
নগরের তুষার স্টোরের মালিক সুজাত মিঞা জানান, তেলের মেয়াদ খুব কম। আর রংটাও লালচে। চিনিটা একটু ভেজা ভেজা। টিসিবির চিনি ৩৭ টাকা কেজি। কিন্তু বাইরে সাদা চিনি ৩৮ টাকা। ওটার দিকেই ক্রেতাদের নজর বেশি। টিসিবির ছোলার মান খুব ভালো। কিন্তু ছোলা ৩০০ থেকে ৫০০ কেজির বেশি দেওয়া হচ্ছে না। আবার তেল না কিনলে অন্যগুলো দেওয়া হয় না। এই জটিলতার কারণে বেশির ভাগ পরিবেশক মাল তুলছেন না। তিনি বলেন, তিনি ৫০০ লিটার তেল তুলেছেন। সব তেল এখনো বিক্রি হয়নি। মেয়াদের মধ্যে বিক্রি করতে না পারলে ক্ষতি নিশ্চিত।
একই কথা বললেন নগরের ফুদকিপাড়া এলাকার মান্নান ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী আবদুল মান্নানও। তিনি ৪০০ লিটার তেল তুলেছিলেন। এখনো ২০০ লিটার অবিক্রীত রয়ে গেছে। এই তেল বিক্রি না হলে আর টিসিবির পণ্য তুলবেন না বলে জানান তিনি।
জানতে চাইলে টিসিবির রাজশাহী অফিসের প্রধান আনিছুর রহমান বলেন, তেলের মেয়াদ শেষের দিকে এটা ঠিক আছে। তবে এর জন্যই যে পরিবেশকেরা পণ্য নিচ্ছেন না তা নয়। তাঁর দাবি, বাজার টিসিবির নিয়ন্ত্রণে রয়েছে।
টিসিবির পণ্যের সঙ্গে খোলাবাজারের পণ্যের দামের পার্থক্য কম। এ জন্য পরিবেশকেরাও টিসিবির পণ্যে আগ্রহী হচ্ছেন না বলে মনে করেন আনিছুর রহমান।
২৫ জুন চলতি বরাদ্দের পণ্য উত্তোলনের শেষ দিন।