টিসিবির পণ্যের দোকান খুঁজে পাওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৩১ জন ডিলারের অধিকাংশেরই দোকান নেই। তাঁদের পণ্য বিক্রির স্থানও ক্রেতারা খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।রংপুর শহরের ধাপ শিমুলবাগ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শাহীনুর রহমান বলেন, বাজারমূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবি যেসব পণ্য ডিলারের মাধ্যমে বিক্রি করে থাকে সেগুলো সাধারণ ক্রেতারা কোথায়, কার কাছ থেকে কিনবে তা খুঁজে পায় না। শালবন এলাকার চাকরিজীবী সাজ্জাদ হোসেন বলেন, ‘টিসিবির পণ্য বিক্রির কোনো সাইনবোর্ড কোথাও চোখে পড়েনি। আমরা কার কাছ থেকে মাল কিনব তা জানি না।’ টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার আট উপজেলায় ১৩১ জন ডিলার রয়েছেন। এর মধ্যে রংপুর শহরে আছেন ৯৬ জন। গত ১৫ মে থেকে অষ্টম দফায় পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ দফায় প্রতি ডিলারের জন্য দুই টন চিনি, ৬০০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি মসুর ডাল বরাদ্দ রয়েছে। তবে এ মাসে ডাল সরবরাহ নেই। ডিলাররা প্রতি কেজি চিনি ৫৫ টাকা, সয়াবিন ১২০ ও মসুর ডাল ৭০ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করার কথা। শহরের ডিলাররা কেজি ও লিটারপ্রতি কমিশন পান তিন টাকা। আর উপজেলার ডিলাররা পান চার টাকা।সরেজমিনে শহরের আলমনগর, খামার, স্টেশন রোড, কলেজ রোড, নিউ ক্রস রোড, গুপ্তপাড়া, শালবন, কেরানীপাড়া, জুমঞ্চাপাড়া, জলকর, নিউ শালবন এলাকাসহ বিভিন্ন পাড়ায় অবস্থিত ৫০টির অধিক টিসিবির ডিলারের কোনো দোকান বা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। এলাকায় যে টিসিবির পণ্য বিক্রির দোকান রয়েছে তা এসব এলাকার লোকজনও জানেন না।ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিসিবির পণ্য বিক্রি করে তেমন কোনো লাভ হয় না। তাই তারা পণ্য উত্তোলন করে তা পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। মুন্সিপাড়ার ডিলার শামীম খান জানান, বাজারের থেকে টিসিবি পণ্যের তেমন কোনো পার্থক্য নেই। তাই তিনি এখন আর পণ্য উত্তোলন করেন না। টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, অধিকাংশ ডিলার পণ্য উত্তোলন করেন। লোকজন খোলাবাজার থেকে এসব পণ্য কিনলেও টিসিবির দোকান থেকে কিনেন না। তবে টিসিবির পণ্য বিক্রির প্রচারণা কম বলে তিনি মন্তব্য করেন।