সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজান মাসে সুলভমূল্যে পণ্য সরবরাহ শুরু করলেও বরিশালের বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। পণ্য সরবরাহ পর্যাপ্ত নয়, এমন অজুহাতে বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিয়েছেন অধিকাংশ ডিলার। এতে সাধারণ মানুষকে সেই বেশি দামেই খোলাবাজার থেকে পণ্য কিনতে হচ্ছে।টিসিবি সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলে তাদের মোট ১৪০ জন ডিলার রয়েছে। গত ২১ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত পণ্য তুলেছেন ৮৬ জন ডিলার। এর মধ্যে বরিশাল নগরের ৫৮ জন ডিলারের মধ্যে পণ্য তুলেছেন ৩৬ জন। প্রত্যেককে দুই টন চিনি, ১২০০ লিটার ভোজ্যতেল, ৫০০ কেজি ডাল, ৫০০ কেজি ছোলা ও ৫০০ কেজি খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।নগরের ৩৬ জন ডিলারের মাধ্যমে ৭২ টন চিনি সরবরাহ করা হয়েছে। কিন্তু এর কোনো প্রভাব বাজারে পড়েনি। গত ৩১ জুলাইয়ের পর থেকে নগরের অধিকাংশ ডিলারের কাছে চিনি পাওয়া যায়নি। ডিলারদের দাবি, বরাদ্দকৃত পণ্য শেষ হয়ে গেছে। পুনরায় বরাদ্দ দেওয়ার পর তাঁরা বিক্রি করতে পারবেন।গতকাল শুক্রবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে অধিকাংশ ডিলারের বিক্রয়কেন্দ্র বন্ধ পাওয়া যায়। নমগ্রাম রোড এলাকার ডিলার নিউসিটি স্টোরের সামনে ব্যানার থাকলেও দুপুর ১২টার দিকে দেখা যায় দোকান বন্ধ। ওই এলাকার বাসিন্দা লাল মিয়া খান বলেন, পণ্য শেষ হয়ে গেছে জানিয়ে ছয় দিন আগেই ডিলার বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিয়েছেন।নগরের কালীবাড়ি সড়কের ডিলার ফিরোজ এন্টারপ্রাইজ। সেখানে গিয়ে দেখা যায়, দোকান খোলা আছে কিন্তু সামনে কোনো ব্যানার নেই। ফিরোজ আহম্মেদ জানান, তাঁদের মজুদে ডাল ছাড়া অন্য কোনো পণ্য নেই।একইভাবে বাংলাবাজার, নতুন বাজার, বটতলা, বাজার রোডসহ অধিকাংশ এলাকায় টিসিবির বিক্রয়কেন্দ্র বন্ধ পাওয়া যায়। দু-একটি বিক্রয়কেন্দ্র খোলা থাকলেও ডাল ছাড়া অন্য কোনো পণ্য নেই বলে জানান ডিলাররা। নগরের নতুন বাজার এলাকার বাসিন্দা কাওসার দেওয়ান বলেন, ‘টিভিতে দেখেছি, টিসিবি মাল দেয়, কিন্তু আমার এলাকায় দিতে দেখিনি।’ গৌতম দাস জানান, টিসিবি পণ্য দেয় শুনেছি, কিন্তু বিক্রি করতে দেখিনি।’বাংলাবাজারের ডিলার মো. শাহিন মোল্লা জানান, তিনি গত ২৭ জুলাই পণ্য তুলেছেন। এরপর দুই দিনেই বেশির ভাগ পণ্য বিক্রি হয়ে গেছে। এখন কিছু খেজুর ও মসুর ডাল রয়েছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে টিসিবির বরিশাল অঞ্চলের কর্মকর্তা মো. ইসমাইল মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, গুদামে যথেষ্ট পণ্য মজুদ রয়েছে। নির্দেশনা পেলেই পুনরায় সরবরাহ করা হবে।