টিসিবির ভুয়া ডিলার পণ্য কালোবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার যুবলীগের একজন নেতা ভুয়া ঠিকানা ব্যবহার করে কাহালুতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, তিনি তাঁর নামে বরাদ্দ পণ্য কালোবাজারে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।টিসিবির এই ডিলারের নাম মনোয়ার হোসেন চৌধুরী। তিনি দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। টিসিবির পণ্য গোপনে বিক্রি করার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কাহালুর বীরকেদার ইউপির চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে গত ৩০ সেপ্টেম্বর অভিযোগ করেছেন। ইউপি চেয়ারম্যানের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোয়ার হোসেন চৌধুরী তাঁর বাসস্থানের ঠিকানা পরিবর্তন করে কাহালুর বীরকেদার ইউনিয়নের ঠিকানা দিয়ে মেসার্স ‘লাবণী ট্রেডার্স’ নামে টিসিবির ডিলার হন। মনোয়ার হোসেন চৌধুরী গত ৯ সেপ্টেম্বর সি-২৭৩৯০ নম্বর সরবরাহপত্রমূলে (ডিও) তাঁর প্রতিনিধি আবদুল মজিদ নামের এক ব্যক্তির মাধ্যমে দুই টন চিনি, ৬০০ লিটার সয়াবিন তেল ও ৫০০ কেজি মসুরের ডাল তুলে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। বীরকেদার ইউপির চেয়ারম্যান ছেলিম উদ্দিন বলেন, ‘আমার ইউনিয়নে মেসার্স লাবণী ট্রেডার্স নামে টিসিবির কোনো ডিলারের দোকান নেই।’ কাহালু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছিম আহমেদ বলেন, ‘এক উপজেলার লোক অন্য উপজেলায় টিসিবির ডিলার হওয়ার কোনো নিয়ম নেই। টিসিবির মালামাল কালোবাজারে বিক্রির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’