টিসিবির ভোগ্যপণ্য বিক্রি বন্ধ হওয়ায় ক্যাবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রির কাজ মাঝপথে থামিয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রামের নেতারা।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, হঠাৎ করে পণ্য বিক্রি বন্ধ করে দেওয়ার এই হঠকারী সিদ্ধান্তের কারণে কিছু অসাধু ব্যবসায়ী লাভবান হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ।
বিবৃতিতে আরও বলা হয়, ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্য সাধারণ মানুষ টিসিবির ওপর ভরসা করে। অথচ টিসিবি কর্তৃপক্ষ সব সময়ই কিছু ব্যবসায়ীর স্বার্থরক্ষায় সচেষ্ট থাকে।
বিবৃতিতে ক্যাবের নেতারা বলেন, রমজান মাসের আগে খাতুনগঞ্জের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। সেখানে তাঁরা পাঁচ টাকা লাভে পণ্য বিক্রির কথা বললেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। কাঁচাবাজারের আড়তদারেরাও কম মূল্যে পণ্য বিক্রির কথা রাখেননি।