টিসিবির মাল উত্তোলন না করায় বেশি দামে পণ্য কিনছেন ক্রেতারা
যশোরের কেশবপুরে রমজান মাসে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৬ জন ডিলারের মধ্যে ১১ জন ডিলার পণ্য না উত্তোলন করায় সাধারণ ক্রেতারা নিত্যপণ্য বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। লাভ কম এবং পণ্যের মান ভালো নয়, এ অজুহাতে ডিলাররা পণ্য তোলেননি বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় টিসিবির ১৬ জন ডিলার রয়েছেন। এর মধ্যে মেসার্স তৌহিদ এন্টারপ্রাইজ, দত্ত এন্টারপ্রাইজ, দত্ত ট্রেডার্স, বারী এন্টারপ্রাইজ, মেসার্স শান এন্টারপ্রাইজ পণ্য উত্তোলন করেছে। আর তৌহিদ এন্টারপ্রাইজ, বারী এন্টারপ্রাইজ ও মেসার্স শান এন্টারপ্রাইজ পণ্য উঠিয়ে ইউএনওর কার্যালয়ে জানিয়েছেন। বাকিরা কিছু জানাননি।
রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে সরকার প্রতিবার টিসিবির ডিলারদের মাধ্যমে তেল, ছোলা, মসুর ডাল, চিনি ন্যায্যমূল্যে বিক্রি করে থাকে। রমজান মাসের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংশ্লিষ্ট ডিলারদের নিয়ে একটি সভা করে মাল উত্তোলন এবং প্রকাশ্যে ব্যানার টানিয়ে বিক্রি করার নির্দেশ দেন।
গত ১৭ জুন বৃহস্পতিবার বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি ছোলা ৬০ টাকা, চিনি ৪০ টাকা এবং সয়াবিন তেল লিটারপ্রতি ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। টিসিবি ডিলারের মাধ্যমে চিনি ৩৭ টাকা, ছোলা ৫৩ টাকা, সয়াবিন তেল ৮৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
আলতাপোল গ্রামের মোকাম হোসেন বলেন, সব ডিলার মাল তুললে বাজারদর আরও কম হতো।
তানভির এন্টারপ্রাইজের মালিক ফারুক হোসেন অভিযোগ করেন, টিসিবির জিনিসের মান খারাপ। বিশেষ করে ভেজা চিনি দেওয়া হয়। আবার বস্তায় মাপেও কম থাকে। ছোলা ছাড়া অন্যান্য মালে লাভ না থাকায় তিনি মাল তোলেননি।
বারী এন্টারপ্রাইজের মালিক আবদুল বারী অভিযোগ করেন, সয়াবিন তেলের বোতল ফুটো বা দোমড়ানো-মোচড়ানো থাকায় তাঁদের লোকসান হয়ে যায়।
তৌহিদ এন্টারপ্রাইজের মালিক তৌহিদুর রহমান বলেন, টিসিবি এবার যে চিনি দিয়েছে, তা ভেজা এবং লাল, তাই ক্রেতারা নিতে চাইছেন না। তিনি অভিযোগ করেন, তেলের মেয়াদ জুলাই মাসে শেষ হবে বলে লেবেলে লেখা আছে। এ মাসে বিক্রি করতে না পারলে সামনের মাসে আর কেউ নেবে না।
টিসিবির খুলনা কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন নির্বাহী রবিউল মোর্শেদ জানান, পরপর দুবার মাল উত্তোলন না করলে নিয়ম অনুযায়ী ডিলারদের লাইসেন্স বাতিল হয়ে যাবে। জেলা প্রশাসকের সুপারিশ পেলেই মাল না উত্তোলনের কারণে লাইসেন্স বাতিল করা হবে। তিনি বলেন, ডিলারদের লাভ হয় না, এ অভিযোগ সত্য নয়। মালের মানের ব্যাপারে তিনি বলেন, ‘যে চিনি আমরা দিচ্ছি, তা আমাদের দেশের চিনি কারখানার। এই চিনি মানের দিক থেকে ভালো, তবে রং একটু লাল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির জানান, যেসব ডিলার মাল ওঠাননি, তাঁদের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে। যাঁরা মাল উত্তোলন করে জানাননি, আর যাঁরা জানানোর পর মজুত পরীক্ষা না করে বিক্রি করছেন, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।