টিয়ামণির আর্তনাদ কেউ শোনে না
বছর পাঁচেক বয়স মেয়েটির। নাদুসনুদুস শরীর। মিষ্টি চেহারার শিশুটিকে দেখলেই আদর করতে ইচ্ছে করত। নাম টিয়ামণি বড়ুয়া। এখন কুঁড়েঘরে চকির ওপর নিঃসাড় শুয়ে থাকে। ঘুমের ঘোরে থেকে থেকে আর্তনাদ করে ওঠে। গরম তরকারির ঝোল পড়ে তার মুখ ও দুই হাতসহ পুরো বুক ঝলসে গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনার পর দুই মাস পার হলেও নিষ্পাপ শিশুটির কান্না এখনো থামেনি। চিকিৎসার অভাবে বাড়িতেই মৃত্যুযন্ত্রণা ভোগ করছে সে। টিয়ামণি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের রিকশাচালক সুগত বড়ুয়ার মেয়ে।টিয়ামণির খালা রিনা বড়ুয়া জানান, গত ১২ ফেব্রুয়ারি বিকেলে রান্না করা তরকারির মাটির পাতিল চুলা থেকে নামানোর সময় টিয়ার মাথার সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায়। পাতিলের গরম ঝোল তার শরীরের ওপর পড়ে। এতে তার মুখ, হাত ও বুক ঝলসে যায়। চিৎকার শুনে সুগত বড়ুয়া দৌড়ে এসে মেয়ের দগ্ধ শরীরে লবণ মেখে দেন। গ্রামবাসীর সহায়তায় টিয়াকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চাঁদা তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর টাকার অভাবে গত ১৭ মার্চ বাড়িতে নিয়ে আসা হয় টিয়াকে। সেই থেকে শিশুটি বিনা চিকিৎসায় ঘরে শুয়ে আছে। কেউ তার আর্তনাদ শোনে না।রিকশাচালক সুগত বড়ুয়া জানান, সংসারে তাঁর চার ছেলেমেয়ে। আর্থিক অনটনে পড়ে এক টুকরো বসতভিটাও বিক্রি করতে হয়েছে। পাঁচ বছর ধরে ছেলেমেয়ে নিয়ে তিনি তাঁর স্ত্রীর বড় বোনের বাড়িতে আছেন। রিকশা চালানোর টাকায় মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। চিকিৎসকেরা বলেছেন, প্লাস্টিক সার্জারিসহ মেয়েটির চিকিৎসার জন্য দুই লাখ টাকা দরকার।