টুইটার-ফেসবুকে মোদি-মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

দুই দিনের সফরে প্রথমবারের মতো বাংলাদেশে এসে বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিনে গতকাল শনিবার সারা দিনই সক্রিয় ছিল তাঁর টুইটার ও ফেসবুক।
মোদিকে বহন করা ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট ‘রাজদূত’ গতকাল সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আনুষ্ঠানিকতা শেষ করে টুইটারে প্রথমে বাংলায় টুইট করে মোদি লিখেন ‘বাংলাদেশ, আমি আমার সঙ্গে ভারতের মানুষের ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে এসেছি।’ একই বিষয়ে ইংরেজিতে পৃথক টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী।
এর কয়েক মিনিট পর বাংলায় দ্বিতীয় টুইট করেন মোদি। তিনি লিখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।’
সাভারের স্মৃতিসৌধে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সফর শুরু।’ এরপর তিনি আরেকটি টুইটে লিখেন, ‘স্মৃতিসৌধের পর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এলাম বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে।’ আরেকটি টুইটে লিখেন, ‘এই বাড়িতেই ১৯৬১ সাল থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিলেন বঙ্গবন্ধু।’

টুইটার
টুইটার

টুইটারের পাশাপাশি গতকাল নিজের ফেসবুক পাতায়ও সক্রিয় ছিলেন মোদি। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মাথা নত করে শ্রদ্ধা জানানোর একটি ছবি প্রকাশ করা হয় মোদির ফেসবুকে। এরপর লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা।’ একই কথা তিনি একটি টুইট করেও লিখেছেন।
বাস সার্ভিস উদ্বোধনের পর এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মানুষে মানুষে এবং দুই জাতির মধ্যে যোগাযোগ বাড়ছে।’
স্থলসীমান্ত চুক্তির দলিল বিনিময়ের পর এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী টুইট করেছেন, ‘ইতিহাস তৈরি হলো।’
এ ছাড়াও গতকাল সফরের নানা বিষয় নিয়ে একাধিক টুইট করেছেন নরেন্দ্র মোদি। তাঁর পিএমও ইন্ডিয়া এবং ফেসবুকও সক্রিয় ছিল বাংলাদেশ সফর নিয়ে।