টুকটুকি এখন স্কুলে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের নয় বছরের শিশু টুকটুকিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পায়ের আঙুল থেঁতলে দেওয়ার পরও সে দমে যায়নি। মুজিবনগরের যতারপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী টুকটুকি এখন নিয়মিত স্কুলে যাচ্ছে। টুকটুকির বাবার অভিযোগ, ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। টুকটুকির ওপর নির্মম নির্যাতনের খবর গত ২০ মে প্রথম আলোয় ছাপা হলে বেসরকারি সংস্থা ই-গভর্নেন্স কোয়ালিশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, মেহেরপুর মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও লোকমোর্চা টুকটুকির চিকিৎসা ও পড়াশোনা এবং মামলা চালানোর দায়িত্ব নেয়। সরেজমিনে দেখা গেছে, এখন শিশু টুকটুকি আর অন্যের বাড়িতে কাজ করে না। যতারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন জানান, টুকটুকি এখন নিয়মিত স্কুলে আসে। জানা গেছে, পড়াশোনার খরচ জোগাতে টুকটুকি একই গ্রামের ভুলেন দফাদারের বাড়িতে কাজ করত। গত ২০ মে কাজ ফাঁকি দিয়ে টুকটুকি স্কুলে যাওয়ার পথে গৃহকর্তার দুই ছেলে মুরাদ ও রশিদ তাকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে তার হাত ও পায়ের আঙুল থেঁতলে দেয়। টুকটুকির বাবা এমদাদুল হক গৃহকর্তার দুই ছেলেকে আসামি করে মুজিবনগর থানায় মামলা করেন। মুজিবনগর থানার ওসি জালালউদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা কুবাদ আলী জানান, আসামিরা পলাতক থাকায় তাদের ধরা যাচ্ছে না। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।