টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষণা
অনিবার্য কারণে ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব ১২ জুন অনুষ্ঠিত হচ্ছে না। অনুষ্ঠানের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

বাংলায় হাসি, বাংলায় কাঁদি

সুশৃঙ্খল আয়োজন। কক্সবাজার, ১৬ মে
সুশৃঙ্খল আয়োজন। কক্সবাজার, ১৬ মে

কক্সবাজারের অনুষ্ঠান তখন সবে শেষ হয়েছে। মঞ্চ ঘিরে বিজয়ীদের হইচই চলছে। কেউ পুরস্কার হাতে সেলফি তুলতে ব্যস্ত, কেউবা ছুটে গিয়ে জড়িয়ে ধরছিল মা-বাবাকে। এসবের ফাঁকে অন্য রকম দৃশ্য চোখে পড়ল কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মূল ফটকের কাছে। আড়ালে দাঁড়িয়ে চোখ মুছছিল চকরিয়ার অনুশীলন একাডেমির কয়েকজন শিক্ষার্থী। জানা গেল, এই স্কুল থেকে পুরস্কার পেয়েছে মোট ১৩ জন। দুই-এক নম্বরের জন্য হয়তো পিছিয়ে পড়েছে একই স্কুলের বাকিরা। এই নিয়ে তাদের মন খারাপ। ‘এটা তো পরীক্ষা নয়। পরীক্ষা পরীক্ষা খেলা! মন খারাপ করার কিছু নেই।’ বুঝিয়ে বলার পর অবশেষে চেহারার মেঘ খানিকটা সরল।

তোমরা কারা?

ছোট হাতে বড় মাইক্রোফোন! কক্সবাজার, ১৬ মে
ছোট হাতে বড় মাইক্রোফোন! কক্সবাজার, ১৬ মে

পরীক্ষা চলছে। অথচ কাঁধে লাল ব্যাজ পরা একদল শিক্ষার্থীকে দেখা গেল, মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে আছে।
‘পরীক্ষা তো শুরু হয়ে গেছে। তোমরা এখনো বসে আছ যে?’
প্রশ্ন করে জানা গেল, ওরা কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। তাদের স্কুলেই আয়োজন করা হয়েছে ভাষা প্রতিযোগ, তাই ওরা আছে আতিথেয়তার দায়িত্বে। প্রধান শিক্ষক রাম মোহন সেনের অনুরোধে প্রথম আলো বন্ধুসভার সদস্যদের সাহায্য করছিল স্কুলটির একদল স্বেচ্ছাসেবী।
অন্য স্কুল থেকে আসা অতিথিদের দেখভাল করতে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা হলো না, এ নিয়ে মনে আফসোস নেই তো? ছাত্ররা জানাল, একদম নাহ। এই প্রথমবার সাগরপারের শহরটাতে ভাষা প্রতিযোগের অনুষ্ঠান হলো, এ নিয়ে ছাত্ররা ভীষণ উচ্ছ্বসিত।

আর মাত্র ১০ মিনিট!

একটা জিজ্ঞাসা। নড়াইল, ২২ মে
একটা জিজ্ঞাসা। নড়াইল, ২২ মে

পরীক্ষা শুরু হয়ে গেছে আধা ঘণ্টা আগে। এমন সময় নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এসে থামল দুটি বাস। বাস থেকে নেমে এল বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের একদল ছাত্র। চোখে-মুখে উদ্বিগ্ন ভাব। প্রচণ্ড গরমে নানান ঝক্কি ঝামেলা পেরিয়ে এত দূর থেকে এসেছে ওরা, অথচ পরীক্ষা শেষ হতে তখন বাকি আছে আর মাত্র ১০ মিনিট!
বন্ধুসভার সদস্যরা ছোটাছুটি করে জলদি তাদের পরীক্ষার বন্দোবস্ত করলেন। বিশেষ বিবেচনায় বাগেরহাটের ছাত্রদের জন্য সেদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই সুযোগ অবশ্য তারা বৃথা যেতে দেয়নি। সাতটা পুরস্কার বগলদাবা করে তবেই নড়াইল থেকে বাগেরহাটের পথে রওনা হয়েছিল ছাত্ররা।

অন্য প্রতিযোগ

অনুষ্ঠানের ফাঁকে। নড়াইল, ২২ মে
অনুষ্ঠানের ফাঁকে। নড়াইল, ২২ মে

নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ে সেদিন ছাত্রছাত্রীরা মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসতেই সুন্দর একটা রঙের খেলা চোখে পড়ল। বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীদের কারও স্কুলের পোশাকের রং গোলাপি, কারও নীল, কারও বা সাদা। একই স্কুল থেকে আসা প্রতিযোগীরা বসেছিল একসঙ্গে জোট বেঁধে।
পুরস্কারজয়ীদের নাম ঘোষণার সময় দেখা গেল মজার কাণ্ড। নিজেদের স্কুলের কেউ পুরস্কার পেলেই শিক্ষার্থীরা আনন্দে চিৎকার করে উঠছিল। বোঝা গেল, এলাকার স্কুলগুলোর মধ্যেও একটা নীরব প্রতিযোগ চলছে। কোন স্কুল কয়টা পুরস্কার পেল, আঙুলের কর গুণে হিসাব রাখছিল ছাত্রছাত্রীরা।

বিজয়ীর বিস্ময়
তৃতীয় ও দ্বিতীয় হওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা হয়ে গেছে। পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী হুমায়রা তাসনিম তখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাবা বললেন, ‘প্রথম পুরস্কারজয়ীদের নাম ঘোষণা হওয়ার পরই না হয় যাই।’ মঞ্চ থেকে মেয়ের নাম ঘোষণা হবে, এই আশা বাবার মনে থাকলেও হুমায়রা খুব একটা আশাবাদী ছিল না। সে তাড়া দিচ্ছিল, ‘চলো বাবা বাসায় যাই।’
আসন ছেড়ে বেরিয়ে যেতে যেতে দশম শ্রেণিপড়ুয়া মেয়েটা শুনল, মাইকে তার নাম ঘোষণা করা হচ্ছে! হ্যাঁ, বরিশালের আঞ্চলিক উৎসবে গ বিভাগে বিজয়ী পাঁচজনের একজন হুমায়রা তাসনিম। শুধু তা-ই নয়, সবার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সেরাদের সেরা হয়েছিল সে। মঞ্চে দাঁড়িয়ে হুমায়রা বলছিল, ‘ছোটবেলা থেকে আমি কখনো ভালো ছাত্রী ছিলাম না। আজকেও পুরস্কার পাব আশা করিনি। আজকের এই পুরস্কারটা আমার বাবার জন্য!’
‘মেয়েরা কি রাজা হয়?’

হুমায়রা তাসনিম। বরিশাল, ২৩ মে
হুমায়রা তাসনিম। বরিশাল, ২৩ মে

বরিশালে ভাষা প্রতিযোগের অনুষ্ঠান ততক্ষণে শেষ। ‘আমরা সবাই রাজা’ লেখা বোর্ড হাতে নিয়ে ছবি তোলার জন্য বিজয়ীরা তখন লাইন ধরে বসেছে। এর মধ্যে ছোট্ট একটা মেয়েকে দেখা গেল দর্শকসারিতে হাত তুলে বসে আছে।
‘কী হলো? তুমি হাত তুলেছ কেন?’
‘আমার একটা প্রশ্ন আছে।’
‘কিন্তু প্রশ্নোত্তরপর্ব তো শেষ।’
শুনে সুমাইয়া নামের ছোট্ট মেয়েটার বোধ হয় একটু মন খারাপই হলো।
‘আচ্ছা, তোমার প্রশ্নটা শুনি।’
সে বলল, ‘ওদের হাতে “আমরা সবাই রাজা” লেখা কেন? এখানে তো অনেক মেয়েও আছে। মেয়েরা কি রাজা হয়? মেয়েরা তো হয় রানি!’