টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেসে লুটোপুটি। রংপুর, ২৯ মে ২০১৫
হেসে লুটোপুটি। রংপুর, ২৯ মে ২০১৫

রবীন্দ্রনাথ কেমন করে জানেন!
রংপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র ইলাহী জিমের মাথায় অনেক দিন ধরেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। কাউকে জিজ্ঞাসা করলে যদি হেসেই উড়িয়ে দেয়, তাই কথাটা বলাও হচ্ছিল না। অবশেষে ভাষা প্রতিযোগে এসে একটা সুযোগ পাওয়া গেল। ইলাহী বলল, ‘রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, “আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি...”। তিনি মৃত্যুবরণ করেছেন ১৯৪১ সালে। আর বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে। রবীন্দ্রনাথ আগেই কী করে জানলেন, বাংলাদেশ নামে একটা দেশ হবে?’
ইলাহীর প্রশ্নের জবাবে শিক্ষকেরা জানালেন, রবীন্দ্রনাথের একটি নয়, অনেক লেখায়ই বাংলাদেশের কথা এসেছে। ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম, কিন্তু ‘বাংলাদেশ’ নামটার জন্ম অনেক আগে।

পুরস্কার-বদল
ভাষা প্রতিযোগের আয়োজনে প্রশ্নোত্তর পর্বে সুন্দর প্রশ্নের জন্য পুরস্কার দেওয়া হয়। কখনো বই, কখনো ছোটদের মাসিক পত্রিকা কিশোর আলো, কখনো-বা শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় রিস্টব্যান্ড। এক প্রশ্নকর্তাকে দেখা গেল, পুরস্কার হাতে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে।

‘কী খুঁজছ তুমি?’ জবাবে ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীটি বলল, ‘প্রশ্ন করে আমি কিশোর আলো পেয়েছি। কিন্তু কিশোর আলোর এই সংখ্যাটা তো আমি পড়েছি। তাই খুঁজছি, কারও সঙ্গে আমার পুরস্কারটা বদলাবদলি করা যায় কি না!’

চলছে প্রশ্নোত্তর পর্ব। রাজশাহী, ২৭ মে ২০১৫
চলছে প্রশ্নোত্তর পর্ব। রাজশাহী, ২৭ মে ২০১৫

পরীক্ষাপ্রীতি
লেখাপড়া করব না, পরীক্ষা দেব না—ছোটদের এমন বায়নার কথা তোমরা শুনেছ। রাজশাহীর গ্রিনলিফ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ঔড়বের ঘটনা হয়েছে উল্টো। ভাষা প্রতিযোগের আয়োজন চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য। কিন্তু প্রথম শ্রেণি পড়ুয়া ঔড়ব বায়না ধরে বসল, সে পরীক্ষা দেবেই দেবে! প্রথম শ্রেণির উপযোগী কোনো প্রশ্ন নেই, সে কথা তাকে বোঝায় কে? অবশেষে বাধ্য হয়েই একটা প্রশ্নসমেত পরীক্ষার হলে তাকে বসিয়ে দেওয়া হলো।
শুধু পরীক্ষা নয়, প্রশ্নোত্তর পর্বে ঔড়ব কিন্তু পরে প্রশ্নও করেছিল। তার সরল প্রশ্ন ছিল, ‘আমরা কেন বাংলা ভাষায় কথা বলি?’ ঔড়বকে তখন পাল্টা প্রশ্ন করা হলো, ‘তুমি কেন মা কে “মা” বলে ডাকো?’ এমন আজব জিজ্ঞাসায় ছোট্ট ছেলেটা যখন কপাল কুঁচকে ভাবতে বসেছে, তখন তাকে বুঝিয়ে বলা হলো, ‘মায়ের ভাষা বাংলা বলেই আমরা বাংলায় কথা বলি।’