টুকিটাকি

এত্ত সহজ প্রশ্ন!
পরীক্ষা শুরুর সবে ১০ মিনিট পেরিয়েছে। তখনো পরীক্ষার হল খুঁজতে ব্যাস্ত কয়েকজন ‘লেট লতিফ’। আর ওদিকে এক কক্ষে দেখা গেল হার্ডবোর্ড উল্টে রেখে রীতিমতো ফুলবাবু সেজে বসে আছে একজন। কী মশাই, ঘটনা কী! পরীক্ষা দিচ্ছ না? উত্তর যেন তার তৈরিই ছিল। মৃদু স্বরে সে বলল, ‘পরীক্ষা তো শেষ!’ যত দূর সেই শব্দ পৌঁছাল, সবার চোখ ছানাবড়া! সঙ্গী প্রতিযোগীদের চোখ-মুখের অভিব্যক্তি বলছে, ‘বলে কী ছেলেটা! আমরা শুরুই করতে পারলাম না...আর সে বলে কিনা পরীক্ষা শেষ!’ সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগে এমনই বীরত্ব দেখিয়েছে মাহবুবুর রহমান। সে দ্য সান অ্যান্ড শাইন জুনিয়র হাইস্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র।

অভিভাবকদের গল্প
তখন যশোর জিলা স্কুলের মাঠ রোদে খাঁ খাঁ করছিল। চৈত্র মাস বুঝি একেই বলে! রোদ-বৃষ্টির তোয়াক্কা করা যাদের ধাতে নেই, তারা দিব্যি হইহুল্লোড় চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয় যশোর অঞ্চলের ভাষা প্রতিযোগ। সন্তানেরা যখন পরীক্ষা দিতে ব্যস্ত, তখন বাইরে অপেক্ষায় অভিভাবকেরা। অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বোধ হয় অভিভাবকের সংখ্যা একটু বেশিই চোখে পড়ল। খুলনার আবু সায়ীদ নামের একজন অভিভাবক বলেন, ‘দূরের জেলা থেকে এই অঞ্চলে শিক্ষার্থীরা বেশি অংশ নিয়েছে। তাই হয়তো অভিভাবকের সংখ্যা বেশি। আমিও অনেক দূর থেকে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি।’

আতিয়া প্রথম বানান বীর
সঞ্চালক প্রশ্ন ছুড়ে দিলেন, ‘দুর্নীতি বানানে কেন ‘উ’-কার ব্যবহার করা হয়?’ আলো জ্বেলে সংকেত দিল আতকিয়া আতিয়া। প্রশ্নের উত্তর দিয়ে সে হয়ে গেল ইতিহাসের অংশ! এবারই ভাষা প্রতিযোগে যোগ হয়েছে ‘বানান বীর’ হওয়ার লড়াই। ভাষা প্রতিযোগের প্রথম বানান বীর হওয়ার গৌরব অর্জন করল সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আতকিয়া আতিয়া।
অনুভূতি জানতে চাইলে আতিয়া বলল, ‘ফিজিকস ও গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলেও এবারই প্রথম ভাষা প্রতিযোগে এলাম। প্রথমবারেই পুরস্কার পাওয়ার কথা আমার আজীবন মনে থাকবে।’

পরিচ্ছন্নতা অভিযান
পরীক্ষা শেষ করে উৎসব প্রাঙ্গণে হাজির সবাই। সবুজ ঘাসে ঢাকা মাঠ সময় গড়াতেই যেন ময়লার স্তূপে পরিণত হলো। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে মাইকে ঘোষণাও দেওয়া হলো। কিন্তু উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা গল্পে মশগুল। এরই মধ্যে নজর কাড়ল একদল ছাত্র। ইউনিফর্ম পরা ছেলেগুলো মাঠে পড়ে থাকা কলার খোসা, বিস্কুটের প্যাকেট, পানির বোতল নিজ হাতে তুলে ময়লার ঝুড়িতে রাখতে শুরু করল। জানা গেল, তারা শহরের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। পরিচ্ছন্নতা দলেরই একজন জিয়াউল হায়দার বলল, ‘ঠিক করলাম মাঠ পরিষ্কার করা দরকার। তাই নেমে পড়লাম। শুধু আজই নয়, আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে নিয়মিত যুক্ত থাকি।’

আমি ভানুসিংহ! আমি বনফুল!
কেউ বলছেন, ‘আমি ভানুসিংহ।’ সেটা ছাপিয়ে শোনা যায়, ‘পেয়েছি পেয়েছি, আমি বীরবল।’ ওদিকে আরেকজন বলে, ‘আমাদেরটা বনফুল।’ খটকা লাগে, স্বয়ং রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, বলাই চাঁদ মুখোপাধ্যায় হাজির হলেন কি না! ভাষা প্রতিযোগ বলে কথা, মনের মধ্যে এমন ভাবনা উঁকি দেওয়া বোধ হয় স্বাভাবিক। এগিয়ে যাই শব্দ অনুসরণ করে। ময়মনসিংহ বিদ্যাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের কোনায় বড় নারকেলগাছটার কাছে শিক্ষার্থীদের জটলা দেখা গেল। সেখান থেকেই ভেসে আসছে শব্দগুলো। আসলে প্রতিষ্ঠানটির প্রতিটি কক্ষের নাম রাখা হয়েছে সাহিত্যিকদের ছদ্মনাম, নানা জাতের ফুলসহ বিভিন্ন নামে। আর শিক্ষার্থীরা কক্ষ নম্বর না বলে নামগুলোই বলছিল। যাক, রহস্যটা বোঝা গেল!
গ্রন্থনা: সজীব মিয়া


