টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর-ই-জান্নাত ও নূর-ই-নিশাত দুই যমজ বোন
নূর-ই-জান্নাত ও নূর-ই-নিশাত দুই যমজ বোন

যমজ!
নূর-ই-নিশাতের মুখ কি একটু ভার? ‘না না, ভার হবে কেন? আমি দারুণ খুশি। দুজনের মধ্যে অন্তত একজন তো জাতীয় পর্যায়ে যেতে পারছি।’ বলে বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী নিশাত।
নূর-ই-জান্নাত ও নূর-ই-নিশাত দুই যমজ বোন। পড়ে একাদশ শ্রেণিতে। নূর-ই-জান্নাত জাতীয় প্রতিযোগের জন্য উত্তীর্ণ হলেও নিশাতকে বাসায় ফিরতে হয়েছে আঞ্চলিক প্রতিযোগে অংশগ্রহণের অভিজ্ঞানপত্র হাতে।
দুই বোনের সঙ্গে যখন কথা হচ্ছিল, জান্নাত জানিয়ে দিল, সে ভাষা প্রতিযোগে ২০১৪ সালে বরিশাল অঞ্চলে সেরাদের সেরা হয়েছিল। তাই এবার জাতীয় আসরে ভালো কিছু করার প্রত্যয় তার কণ্ঠে।

বান্দরবান কালেক্টরেট স্কুলের ছাত্র মংহাইনু মার্মা
বান্দরবান কালেক্টরেট স্কুলের ছাত্র মংহাইনু মার্মা

মংহাইনুর মন খারাপ!
বান্দরবান অঞ্চলে তখন সবে পরীক্ষা শুরু হয়েছে। প্যান্ডেলের এক কোনায় বসেছিল ইউনিফর্ম পরা একদল শিক্ষার্থী। তাদের কেউ কেউ পত্রিকায় চোখ বোলাচ্ছিল। কেউ আবার আনমনা হয়ে বসে ছিল। এদের মধ্যে একজনকে দেখা গেল মুখ ভার করে বসে আছে। ওর নাম মংহাইনু মার্মা, সে বান্দরবান কালেক্টরেট স্কুলের ছাত্র। মন খারাপের কারণ জানতে চাইলে রাখঢাক না করে বলল, ভাষা প্রতিযোগ সম্পর্কে আগে থেকে তার ধারণা ছিল না। পরীক্ষাভীতি একটু আধটু ছিল বলে নিবন্ধনই করেনি সে। কিন্তু পরীক্ষা শেষে বন্ধুদের ‘পরীক্ষানন্দ’ দেখে কষ্ট হচ্ছে এখন।

হল নম্বর ২

বান্দরবান কালেক্টরেট স্কুলের ‘হল নম্বর-২’ সেদিন হয়ে উঠেছিল ‘অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র’! যারা ভেন্যুতে এসে নিবন্ধন করেছেন অথবা আসন বিন্যাসে খুঁজে পায়নি নিজের নম্বর, তাঁদেরই ঠাঁই হয়েছিল এই কক্ষে। বান্দরবান বন্ধুসভার উজ্জল কুমার নাথ বলেন, ‘যোগাযোগব্যবস্থার কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। যেমন কক্সবাজার জেলার চকরিয়ার অনুশীলন একাডেমির শিক্ষার্থীরা এখানে এসে নিবন্ধন করেছে। তাই আসন বিন্যাস তাৎক্ষণিক করা যায়নি।’ তাই বলে তো আর পরীক্ষা দেওয়া থেমে থাকবে না। সবার ঠিকানা হলো হল নম্বর ২-এ!

তাসনীম রহমান
তাসনীম রহমান

প্রথম ছয় লাইন
চট্টগ্রামের ভাষা প্রতিযোগে সেদিন একটা বিশেষ ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো উৎসবের মাঠ নীরব হয়ে গেল। এরপর বেজে উঠল ভাষা প্রতিযোগের গান। অতি মনোযোগী কেউ কেউ গান শুনতে শুনতে চোখ বুজে ফেলেছে। কেন? কারণ, ঘোষণায় বলা হয়েছে, গানটি থেকেই প্রশ্ন করা হবে। আর সঠিক উত্তরের জন্য থাকবে পুরস্কার। কে আর পুরস্কার হাতছাড়া করতে চায়!
গান শেষ হলো। তখনো নীরবতায় ছেদ পড়েনি। প্রশ্ন শোনার জন্য উন্মুখ সবাই। সঞ্চালক ছুড়ে দেন প্রশ্ন, ‘গানের প্রথম ছয় লাইন কে বলতে পারবে?’ প্রশ্নোত্তর পর্বের জন্য যেখানে অনেকে দুই হাত তুলে ফেলে, এবার দেখা গেল উল্টো ঘটনা। কারও হাত ওপরে নেই। সবাই যখন ধরে নিচ্ছিল প্রশ্নটা বড্ড কঠিন, তখনই একজন হাত তুলে দাঁড়িয়ে গেল। মাইক হাতে পেয়েই বলতে শুরু করল, ‘আমি বাংলাভাষী/ বাংলা ভালোবাসি...।’ ব্যস, তুমুল করতালি! কারণ, ততক্ষণে পুরো ছয় লাইন বলে ফেলেছে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনীম রহমান।

বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিযোগীরা ঠিকই হাজির
বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিযোগীরা ঠিকই হাজির

বৃষ্টি কোনো বাধা নয়
চট্টগ্রামে সেদিন সকালটা শুরু হয়েছিল বৃষ্টিকে সঙ্গী করে। আর সেই বৃষ্টি সবার মনে ছড়িয়ে দেয় শঙ্কার মেঘ! প্যান্ডেলের নিচে অস্থায়ী পতাকামঞ্চে পতাকা তোলা হলো, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেলুনও উড়ল। আর বেলা বাড়তে বাড়তে মেঘ কেটে গেল পুরো​পুরি। বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিযোগীরা কিন্তু ঠিকই সময় মতো হাজির হয়েছিল ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে। যেমন রাঙামাটি থেকে বাবার সঙ্গে কাকভেজা হয়ে এসেছিল কৌশিক চাকমা।
আকাশের লক্ষণ দেখে দূরের জেলা থেকে অনেকে আবার আগের রাতেই এসে উপস্থিত। ইচ্ছে যেখানে অদম্য, বৃষ্টির আর বাধা দেওয়ার সাধ্য কোথায়!