টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্মু কোথায়!

.
.

পরীক্ষা সবে শেষ হয়েছে। উৎসব মঞ্চে চলছে প্রশ্ন-উত্তর পর্বের প্রস্তুতি। হঠাৎ মঞ্চের পাশে একজন হাজির। হাতে পেনসিল বক্স আর অংশগ্রহণকারী সনদ। কিন্তু চোখেমুখে রাজ্যের শঙ্কা! বাঁ হাতে চোখ মুছতে মুছতে বলল, ‘আমার আম্মুকে খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি!’ কী মুশকিল! ‘হারানো বিজ্ঞপ্তি’ মাইকে ঘোষণা করা হলো। তবু তার মায়ের দেখা মিলল না। তাকে বোঝানো হলো, মা হয়তো বাইরে গেছেন, চলে আসবেন। কিন্তু ঢাকার আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ের সিদরাতুল মুনতাহার শুধু কি কথায় মন ভেজে! ততক্ষণে তার নিঃশব্দ কান্না শব্দ খুঁজে পেয়েছে। আর তখনই সে মঞ্চের অন্য পাশে দে ছুট! সেদিকে গিয়ে সিদরাতুল মুনতাহাকে আবিষ্কার করা গেল একেবারে মায়ের কোলে!

বারান্দায়, তাতে কী!

.
.

কারও কলেজে পরীক্ষা, কেউ আবার ভাষা প্রতিযোগের খবর জেনেছে উৎসবের আগের দিন। নিজের এলাকায় উৎসব, তা কি হাতছাড়া করা যায়! তাই সকাল হতেই সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে হাজির এমন উৎসুক শিক্ষার্থীদের দল। উৎসুক হলে তো বিপত্তি ছিল না, তারা নাছোড়বান্দা পরীক্ষায় অংশ নেবে। উপায়ান্তর না পেয়ে দেওয়া হলো নিবন্ধনের সুযোগ। কিন্তু বিপত্তি বাধল পরের ধাপে! ভাষার পরীক্ষা পর্বের আসনবিন্যাস তো আগেই করা হয়েছে। আর যারা নিবন্ধন আগে করেছে, তাদের প্রায় সবাই হাজির। বসার জায়গা পাবে কোথায়। তাই বসতে হলো বারান্দায়! পরীক্ষা শুরু হলে একজনকে গিয়ে জিজ্ঞেস করলাম, বারান্দায় পরীক্ষা দিচ্ছ, অসুবিধা হচ্ছে না? সপ্তম শ্রেণির এসএম সজীব বলে উঠল, ‘বারান্দায় পরীক্ষা দিচ্ছি তাতে কী, অংশ নিতে তো পারলাম।’

‘আলিবাবা ও ৪২...’

.
.

আলিবাবা ও ৪০ চোরের কথা শুনেছ? তাহলে ‘আলিবাবা ও ৪২’ কেন? এ বছর ভাষা প্রতিযোগের উৎসব হয়েছে নয়টি অঞ্চলে। অনেকেরই হয়তো তথ্যটি জানা। প্রায় প্রতিটি অঞ্চলেই আয়োজক প্রতিষ্ঠান এইচএসবিসির কর্মকর্তাদের একটি স্বেচ্ছাসেবক দল হাজির হতো। দলের সদস্যরা অংশ নিতেন খাতা দেখাসহ নানা কাজে। নাটোর অঞ্চলেও হাজির হয়েছিলেন তাঁরা। আর দলে ছিলেন ৪২ সদস্য। তাঁদের যখন উৎসব মঞ্চে ডাকা হলো, একে একে হাজির সবাই। এর আগেই অবশ্য সঞ্চালক জানিয়ে দিয়েছিলেন ৪২ জনের বিশাল দলের কথা। আবার সঞ্চালক যখন বললেন ‘আলিবাবা ও ৪২...’, শিক্ষার্থীরা সমস্বরে বলে উঠল ‘৪২ চোর’। বোঝা গেল, খুদে ভাষাবিদেরা শুধু ভাষার লড়াইয়ে নয়, সমান ওস্তাদ কৌতুকেও!