টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ভাঙচুর, আগুন
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং আজকের হরতালের সমর্থনে টাঙ্গাইলের মির্জাপুরে ও বগুড়ায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। মিছিল থেকে একটি ট্রাক ও বাসে আগুন দেওয়া হয়। হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলা সদরের মেইন রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ আয়োজন করে। সমাবেশে বক্তারা সুলতান সালাউদ্দিনকে দ্রুত নিঃশর্ত মুক্তি না দিলে টাঙ্গাইল থেকে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর ঘোষণা দেন।
এদিকে টুকুুকে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়ায় গত সোমবার গভীর রাতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। এ সময় প্রথম বাইপাস সড়কে দুটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সোমবার রাত সাড়ে ১২টায় ছাত্রদলের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। এ ছাড়া বারপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে একটি কলাবোঝাই ট্রাক ও একটি বাসে আগুন দেন ছাত্রদলের কর্মীরা।