টুকুর ক্ষতিপূরণ মামলা বাতিল করতে মইনের আবেদন খারিজ
সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দায়ের করা ক্ষতিপূরণ মামলা বাতিল করতে মইন উ আহমেদের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মইন উ আহমেদের করা এক সিভিল রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ফলে মামলাটি চলতে আর কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।আদালতে মইন উ আহমেদের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও জয় রহমান। আইনজীবী জয় রহমান প্রথম আলোকে বলেন, মামলা বাতিলের জন্য করা রিভিশন আবেদনটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। আপিল করার প্রশ্নে তিনি বলেন, আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের ১২ জুলাই সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী টুকু ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন। মামলার আর্জিতে বলা হয়, জোট সরকারের আমলে বিদ্যুত্ খাতে মোট বাজেট ছিল ১৩ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমলে বিভিন্ন সংবাদমাধ্যমে জেনারেল মইন অভিযোগ করেন, চারদলীয় জোট সরকারের সময় দুর্নীতির মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।