টুকুর বিরুদ্ধে এবার ওয়ার্কার্স পার্টির প্রার্থীর অভিযোগ
পাবনা-১ আসনের নির্বাচনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধে এবার কারচুপির অভিযোগ আনলেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম। তিনি পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার বেড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম তাঁর লিখিত বক্তব্যে বলেন, বেড়া ও সাঁথিয়া উপজেলার ৬০টি ভোটকেন্দ্র শামসুল হকের লোকজন দখল করে নেয়। তারা এসব কেন্দ্র থেকে তালা ও হাতুড়ি প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স বোঝাই করে।
নজরুল ইসলাম আরও বলেন, কারচুপির মাধ্যমে শামসুল হক জিতলেও তিনি হারিয়েছেন তাঁর দল, জোট ও নির্বাচন কমিশনকে। এ কারণে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগ করা উচিত। নজরুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে পাবনা-১ আসনের পুনর্নির্বাচনও দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট কামরুল হাসান ও ওয়ার্কার্স পার্টির অন্য নেতারা।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে শামসুল হক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি পান ৬৭ হাজার ২৯টি ভোট। স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ তালা প্রতীকে ৪৪ হাজার ৫৭৯টি ভোট, ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম হাতুড়ি প্রতীকে এক হাজার ৯৬ ভোট ও জাতীয় পার্টির আরাফাত ইয়াছিন বাইসাইকেল প্রতীকে পান ৬৭১টি ভোট। এর আগে গত মঙ্গলবার প্রায় একই অভিযোগে শামসুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ।
নির্বাচনের পর এসব অভিযোগের ব্যাপারে শামসুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে প্রতিবারই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন তিনি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে তিনি প্রথম আলোকে জানান।