টুকুর বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ করলেন সাইয়িদ
পাবনা-১ আসনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ভোট ডাকাতির মাধ্যমে বিজয়ী হয়েছেন বলে অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। এই নির্বাচনের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করেছেন তিনি।
গতকাল মঙ্গলবার বেলা একটায় বেড়া পৌর এলাকার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে তিনি এসব দাবি করেন।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে সাইয়িদ বলেন, শামসুল হক টুকু সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে না দিয়ে নির্বিচারে ভোট কেটে নেওয়ার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুলিশ, র্যাব, বিজিবিকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেননি। বরং তাদের ছত্রছায়ায় তিনি ও তাঁর সন্ত্রাসী বাহিনী ৩২টি কেন্দ্রে গিয়ে ২৯ হাজার ৪৫৬টি ভোট নিজের পক্ষে কেটে নিয়েছেন।
এ ছাড়া আরও ২৯টি কেন্দ্র থেকে তাঁর (সাইয়িদের) এজেন্টদের বের করে দিয়ে টুকুর এজেন্ট ও সন্ত্রাসী বাহিনী প্রায় ১৫ হাজার ভোট কেটে নিয়ে বাক্স বোঝাই করেছে।
আবু সাইয়িদ অভিযোগ করে বলেন, টুকুর পক্ষে ভোট গ্রহণের আগের দিন দুই শতাধিত সন্ত্রাসী এ নির্বাচনী এলাকায় এসে অবস্থান নেয়। ভোটের দিন চলাচলের জন্য টুকুর লোকজনকে সাতটি গাড়ির অনুমোদন দেওয়া হলেও তাঁকে তাঁর নিজের গাড়িসহ মাত্র দুটি গাড়ির অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, ওই সাতটি গাড়ি ব্যবহার করে টুকুর লোকজন সব অপকর্ম চালায়।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী সাইয়িদ আরও বলেন, ভোট ডাকাতি করে টুকু কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন চেয়েছেন সুষ্ঠু ভোট, আর টুকু করেছেন প্রকাশ্য ভোট ডাকাতি। সাইয়িদ এ আসনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান।
এসব অভিযোগের ব্যাপারে শামসুল হক টুকুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সাইয়িদ সাহেব যে অভিযোগগুলো করেছেন তা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। একটি সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তিনি এসব করছেন। এ নির্বাচন যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে তা নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাই প্রত্যক্ষ করেছে। আমাকে নির্বাচিত করায় জনগণকে অভিনন্দন জানাই।’
উল্লেখ্য ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে শামসুল হক টুকু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক ও আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এতে টুকু পান ৬৭ হাজার ২৯টি ভোট ও সাইয়িদ পান ৪৪ হাজার ৫৭৯টি ভোট।