টুঙ্গিপাড়ায় আ.লীগের মনোনয়নবঞ্চিতদের মানববন্ধন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতরা গতকাল শনিবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
বিকেল পাঁচটার দিকে পাটগাতি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি চলাকালে পাটগাতি ইউপির মনোনয়নপ্রত্যাশী শেখ জাহাঙ্গীর হোসেন ও বি এম তৌফিকুল ইসলাম, ডুমুরিয়া ইউপির দীপ্তি রানী ঘরামী, বর্ণি ইউপির খালিদ হোসেন জমাদ্দার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল হালিম ও সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের টাকার বিনিময়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তিদের মনোনয়ন পাইয়ে দিতে সাহায্য করেছেন। এ জন্য ওই দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবদুল হালিম বলেন, ‘এলাকার পাঁচটি ইউনিয়নে ৩৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্য থেকে নেত্রী যাঁদের যোগ্য মনে করেছেন তাঁদের মনোনয়ন দিয়েছেন।’