টুঙ্গিপাড়ায় কথিত এনজিওর নামে প্রতারণা করে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয় খুলে মনিরুজ্জামান নামের এক ব্যক্তি বিভিন্নভাবে নানাজনের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২২ জানুয়ারি এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারিত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়েছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর গ্রামের মনিরুজ্জামান ২০১২ সালের জুলাইয়ে উপজেলা শহরের শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজের পাশে অদুদ শেখের বাড়ি ভাড়া নিয়ে ‘ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি’ নামের একটি এনজিওর কার্যালয় খোলেন।উপজেলার বিভিন্ন গ্রামে চার-পাঁচ বছর বয়সের শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষার স্কুল খোলার কথা বলে তিনি শিক্ষক ও সুপারভাইজর নিয়োগ দেন। তাঁদের কাছ থেকে সাত থেকে ৪০ হাজার টাকা করে জামানত আদায় করা হয়। এ ছাড়া প্রত্যেক শিশুর ভর্তির জন্য নেওয়া হয় ১২০ টাকা। একই সঙ্গে শিশুদের মায়েদের টিভি, ফ্রিজ দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে সাপ্তাহিক ২০ টাকা করে সঞ্চয় সংগ্রহ শুরু করেন মনিরুজ্জামান। ২২ জানুয়ারি রাতে কার্যালয়টি তালাবদ্ধ করে মনিরুজ্জামান উধাও হন। পরদিন কার্যালয়ে এসে সবাই প্রতারণার বিষয়টি টের পান।সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে, ১৩/১৭ শান্তিনগর বাজার রোড (তৃতীয় তলা), ঢাকা-১২১৭। প্রতারিত ব্যক্তিরা জানান, ঢাকার ঠিকানায় যোগাযোগ করে তাঁরা জেনেছেন, সেখানে ওই নামের কোনো সংস্থার কার্যালয় নেই।টুঙ্গিপাড়ার রামচন্দ্রপুর গ্রামের শরিফুল ইসলাম জানান, ৪০ হাজার টাকা জামানত দিয়ে ২০১২ সালে অক্টোবরে ১০ হাজার টাকা মাসিক বেতনে ওই সংস্থায় ব্যবস্থাপক পদে নিয়োগ পান তিনি। প্রতিষ্ঠানটি টুঙ্গিপাড়ার মোট ২০৩টি ও কোটালীপাড়া উপজেলার কাঠিগ্রামে পাঁচটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলে কয়েক হাজার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। শরিফুল বলেন, ‘১০ জন নারীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে আমার মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার করে টাকা নেন মনিরুজ্জামান। এভাবে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মোট দুই লাখ টাকা তাঁকে এনে দিয়েছি। গত দুই মাস কাজ করার পর কোনো বেতন না দেওয়ায় ডিসেম্বরে চাকরি ছেড়ে দিয়ে জামানতের টাকা ফেরত চাই। তখন ফেব্রুয়ারিতে আমাকে টাকা ফেরত দেওয়া হবে বলে জানান মনিরুজ্জামান।’উপজেলার গওহরডাঙ্গা গ্রামের আসবাব ব্যবসায়ী মাহাবুবুর রহমান জানান, গত মাসে তাঁর দোকান থেকে ৮২ হাজার ৫০০ টাকা দামের ১৫টি সেমিবক্স খাট বাকিতে কেনেন মনিরুজ্জামান। গওহরডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মো. ইসলাইল খান জানান, মনিরুজ্জামান তাঁর কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা দামের লেপ নিয়েছেন। কিন্তু কোনো টাকা পরিশোধ করেননি।বাড়িওয়ালা অদুদ শেখের স্ত্রী ও টুঙ্গিপাড়া পৌরসভার কাউন্সিলর আফরোজা বেগম জানান, ওই এনজিওটি মাসিক সাড়ে তিন হাজার টাকায় তাঁদের বাড়িটি ভাড়া নিয়ে কার্যালয় করেন। তারা কী কার্যক্রম পরিচালনা করত, তা তাঁদের জানা নেই। ২২ জানুয়ারি জানতে পারেন, এনজিওটি ভুয়া ছিল। ওই প্রতিষ্ঠানের কাছে তাঁরা দুই মাসের বাড়িভাড়া পাবেন।লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়ার ইউএনও মো. রুহুল আমিন জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।গত বুধবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে প্রতারিত শিক্ষক-কর্মচারী ও অভিভাবকেরা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে অন্দোলনকারীরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।