টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদন
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জনকের ৩৫তম শাহাদাতবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার দুপুর পৌনে একটায় মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা জাতির জনকের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।চিফ হুইপ আবদুস সহিদের নেতৃত্বে মন্ত্রিপরিষদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ, শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে যুবলীগ, কৃষক লীগের সভাপতি মীর্জা আবদুল জলিলের নেতৃত্বে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহম্মদ আবু কাওসারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের নেতৃত্বে যুব মহিলা লীগসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে এখনো যাঁরা অবশিষ্ট আছেন, তাঁদের দণ্ড কার্যকর করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘বঙ্গবন্ধুর জীবিত খুনিরা কিছুদিন পর পরই স্থান পরিবর্তন করছেন। তবে তাঁরা যেসব দেশে পালিয়ে আছেন, সেসব দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং রেড অ্যালার্ট লেটার পাঠিয়েছি। যত শিগগির সম্ভব পালিয়ে থাকা খুনিদের খুঁজে বের করে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় সম্পূর্ণরূপে কার্যকর করা হবে।’ঠোঁটকাটা রোগীদের অপারেশন: টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে জন্মগত ঠোঁটকাটা রোগীদের জন্য বিনা মূল্যে অপারেশন ক্যাম্প খোলা হয়। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেনের নেতৃত্বে একটি মেডিকেল টিম ১০ জন রোগীর অস্ত্রোপচার করেন।আজকের কর্মসূচি: সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। সেখানে জাতির জনকের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠ করবেন। এর আগে আছে সশস্ত্রবাহিনীর গার্ড আব অনার। বেলা ১১টায় প্রধানমন্ত্রী দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করবেন। দুপুর দেড়টায় মাজার কমপ্লেক্স মসজিদসহ টুঙ্গিপাড়ার সব কটি মসজিদে এই মহান নেতার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। প্রধানমন্ত্রী মাজারসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। এরপর হবে কাঙালিভোজ।