টুঙ্গিপাড়ায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ
তিন চাকার যান্ত্রিক যান (থ্রি হুইলার) ও লোকাল বাসের চালকদের মধ্যে বিরোধের জের ধরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে বাসশ্রমিকেরা গতকাল শুক্রবার চার ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।তিন চাকার যানের চালকেরা টুঙ্গিপাড়া উপজেলা সদরে পাটগাতী বাসস্ট্যান্ডে বাস চলাচলে বাধা দিলে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে বাসশ্রমিকেরা গতকাল এ অবরোধ পালন করেন। বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালান ও বাস আড়াআড়িভাবে রেখে দেন। এতে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই দিকে দুই শতাধিক দূরপাল্লার বাস, ট্রাক আটকা পড়ে। এ সময় বিভিন্ন গন্তব্যে যাওয়া হাজার হাজার নারী-পুরুষ ও শিশু দুর্ভোগে পড়ে। জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে বেলা তিনটায় বাসশ্রমিকেরা অবরোধ তুলে নেন। সংকট নিরসনে আজ শনিবার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে বাস ও তিন চাকার যানের শ্রমিক ও মালিকদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ‘কাল (শনিবার) যেকোনো মূল্যে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে।’