টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতির পিতার ৪৩তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতির পিতার ৪৩তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে জাতির জনকের ৪৩তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সশস্ত্রবাহিনীর একটি সুসজ্জিত দল জাতির জনককে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। তিন বাহিনীর প্রধানেরাও এ সময় উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের অধিকাংশ সদস্যসহ ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী কিছু বিপথগামী সেনাসদস্যের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

প্রধানমন্ত্রী এ সময় তাঁর ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার শান্তি কামনা করেন।

মোনাজাতে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা পরিবারের অন্য সদস্যদের নিয়ে সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন। ছবি: ফোকাস বাংলা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা পরিবারের অন্য সদস্যদের নিয়ে সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন। ছবি: ফোকাস বাংলা

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, তথ্যসচিব আব্দুল মালেক, প্রেসসচিব ইহসানুল করিম এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির জনকের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও নেতা-কর্মীরা জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী সমাধি প্রাঙ্গণে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের নেতা-কর্মীদের নিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিলে অংশ নেন।

সকালে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে জাতির জনকের পৈতৃক নিবাস টুঙ্গিপাড়ায় পৌঁছান। এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বনানী কবরস্থানেও যান। সেখানে শায়িত ১৫ আগস্টের শহীদদের জন্য ফাতেহা পাঠ করেন এবং বিশেষ দোয়ায় অংশ নেন। তিনি শহীদদের কবরে ফুলের পাপড়িও ছড়িয়ে দেন।