টুঙ্গিপাড়ায় টিআরের চাল আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট রিলিফের (টিআর) আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে প্রায় ৫৮ লাখ টাকার ২৪১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ২০০৯-১০ অর্থবছরে বরাদ্দ এই চালের বেশির ভাগই সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।ওই ইউনিয়নের ১০টি প্রকল্পের চাল আত্মসাতের ব্যাপারে এলাকাবাসী খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সংস্কার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটের ২২টি প্রকল্পের বেশির ভাগ বাস্তবায়ন করা হয়নি। কাজ না করে ওই প্রকল্পের চাল সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মসাৎ করেছেন।লিখিত অভিযোগকারী নিত্যানন্দ টিকাদার ও যোগেন মল্লিক জানান, গত মার্চ মাসে অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সংশ্লিষ্ট ব্যক্তিদের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদে গত ১১ এপ্রিল হাজির থাকতে বলেন। কিন্তু এর আগেই গিমাডাঙ্গার বাচ্চু মোল্লা, বাঁশবাড়িয়ার দুলু তালুকদার ও ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফেরদাউস বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে জোরপূর্বক তাঁদের কাছ থেকে ‘আমরা অভিযোগ করি নাই’ মর্মে লিখিত রাখেন।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ২২টি প্রকল্পের জন্য বরাদ্দের ৫০ শতাংশ কাজও হয়নি। অধিকাংশ ক্ষেত্রে পকেট কমিটি গঠন করা হয়েছে।ইউনিয়নের বঙ্গবন্ধু কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি কীর্তনিয়া, সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস ও দাতা সদস্য প্রফুল্ল বিশ্বাস জানান, বিদ্যালয় মেরামতের জন্য তিন টন চাল এসেছে। এই প্রকল্পের সভাপতি ওয়ার্ড মেম্বার সুখময় বাইন এলাকাবাসীর চাপে সাত হাজার টাকা দিয়ে বিদ্যালয়ের মাঠে বালু ফেলেছেন। চার হাজার টাকা খরচ করে নির্মাণ করে দিয়েছেন একটি টিনের ঘর।স্থানীয় সুভাস মণ্ডল ও ফণীভূষণ বিশ্বাস জানান, ভৈরব নগর-বড় ডুমুরিয়া রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়নের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। কিন্তু প্রকল্পের সভাপতি সুখময় বাইন কোনো কাজ করাননি।শালুখা সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি নিশিকান্ত রায় (৬২) বলেন, ‘মন্দির সংস্কারের জন্য তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু চাল না দিয়ে কাগজে সই-স্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীপ্তি রানী আমাকে প্রথমে ১০ হাজার টাকা দেন। এ নিয়ে গ্রামবাসী মন্ত্রণালয়ে অভিযোগ করলে পরে আরও তিন হাজার টাকা দিয়ে গেছেন তিনি।’তারাইল পশ্চিমপাড়া সর্বজনীন শীতলা মন্দিরের সেবায়েত হরিপদ বিশ্বাস বলেন, মন্দির সংস্কারের জন্য পাঁচ মেট্রিক টন চাল এসেছিল। কিন্তু চেয়ারম্যান মন্দিরের বারান্দা নির্মাণের জন্য চারটি ঢেউটিন ও কিষান দিয়ে সামান্য কিছু মাটি কাটিয়ে দিয়েছেন। দীপ্তি রানী বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কমবেশি যেসব ত্রুটি আছে, তা ঠিক করে দেওয়া হবে।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার ইয়াসির আরেফিন বলেন, অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় থেকে তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। গত ১১ এপ্রিল টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণসহ সবাইকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এর আগেই অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করায় বিষয়টি স্থগিত হয়ে যায়।