কলেজের শ্রেণীকক্ষে বসা নিয়ে বাগিবতণ্ডাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল শনিবার দুই গ্রামের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় অনেক দোকান ও বাড়িতে ভাঙচুর এবং পুলিশের গাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে গতকাল সকালে একাদশ শ্রেণীর দুই ছাত্র শ্রীরামকান্দি গ্রামের সামসুল হক ও গিমাডাঙ্গা গ্রামের মোহাম্মদ উল্লাহর মধ্যে বেঞ্চে বসা নিয়ে কথা-কাটাকাটি ও হতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন রামদা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষ বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।সংঘর্ষের সময় টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়। এ ছাড়া সমকাল পত্রিকার টুঙ্গিপাড়ার প্রতিনিধি পান্না বিশ্বাসের অফিস, আসবাব ভাঙচুরসহ তাঁর কম্পিউটার লুট করা করা হয়। গিমাডাঙ্গা গ্রামের লোকজন থানা আওয়ামী লীগের নেতা শ্রীরামকান্দি গ্রামের সাইফুল ইসলামের বাড়ি এবং উভয় গ্রুপের লোকজন পাটগাতী বাসস্ট্যান্ডে কমপক্ষে ৩০টি দোকানে হামলা ও ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে ১০টি দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামানের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।কয়েক ঘণ্টার সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ৫০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত সামছুল হক, আবদুর রহমান, জুলফিকার আলী, বাঁকা শেখ, রিফাত, সিদ্দিক, আজিজ, মিটু, সিরাজ, বোরহান উদ্দিন, ইমাম শেখ, আবুজার, আসলাম ফকির, ইমদাত গাজী, মোমিনুল ইসলাম ও একেন শেখকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও পুলিশ সুপার মো. আবদুল কুদ্দুছ আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন দুই পক্ষের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে সমঝোতার চেষ্টা করেন।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক বলেন, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।