টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ, প্রতিমা ও মন্দির ভাঙচুর
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, প্রতিমা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড়বাড়ী সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি রণদীপ বিশ্বাস ও মণ্ডলবাড়ী সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি ফণিভূষণ মণ্ডলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ফণিভূষণ মণ্ডলের লোকজন রড়বাড়ী মন্দিরে প্রতিমা দেখতে গেলে প্রসাদ বিতরণ নিয়ে রণদীপ বিশ্বাসের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়। পরে আবার রণদীপ বিশ্বাসের লোকজন মণ্ডলবাড়ী মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে প্রতাপ মণ্ডলকে গুরুতর অবস্থার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মাজাহারুল হক বলেন, আধিপত্য বিস্তার ও প্রসাদ বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। কোনো পক্ষ থানায় কোনো মামলা করতে আসেনি।