গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল সোমবার বাসশ্রমিকদের হাতে প্রহূত হয়েছেন অপু শেখ নামের স্থানীয় এক পৌর কাউন্সিলর। তাঁকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার পুলিশ জানায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কয়েকজন শিক্ষক গতকাল দুপুরে ১০ বান্ডিল বই নিয়ে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ডে যান। তাঁরা বইগুলো মুকসুদপুর উপজেলায় নিতে ঢাকাগামী কমফোর্ট পরিবহনের স্থানীয় প্রতিনিধি লাবু শেখকে অনুরোধ করেন। কিন্তু কর্তৃপক্ষের নিষেধ রয়েছে জানিয়ে তিনি ওই বইগুলো বাসে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কাথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে পৌর কাউন্সিলর অপু শেখ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেন। একপর্যায়ে বাসশ্রমিক ও তাদের সমর্থকদের হাতে প্রহূত হন কাউন্সিলর অপু। খবর পেয়ে অপুর সমর্থকেরা ওই পরিবহন সংস্থার স্থানীয় কাউন্টার ভাঙচুর করে।টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার বলেন, বিষয়টি মিটমাট করতে কাউন্সিলর অপু ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু শ্রমিকেরা তাঁকে মারধর করেছেন।টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা প্রল্লাদ কর্মকার বলেন, কাউন্সিলর অপুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া এর আগে তাঁর একটি বাইপাস সার্জারি করানো হয়। এ কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার আবু নাসের কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে টুঙ্গিপাড়া পৌরসভার কাউন্সিলররা গতকাল সন্ধ্যায় জরুরি সভা করেন। সভায় টুঙ্গিপাড়া পৌর এলাকায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মেয়র ইলিয়াস হামলাকারী বাসশ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কাউন্সিলররা হরতাল প্রত্যাহার করে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেন।