টুঙ্গিপাড়ায় সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কুশলী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত কুশলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিরাজ হোসেন জানান, দক্ষিণ কুশলীর হেদায়েত মোল্লার ছেলে মাদ্রাসাছাত্র তুহিন মোল্লার মুঠোফোনে সপ্তাহ খানেক আগে এক নারী মিসড কল দেন। পরে তুহিন ওই নারীর (৫০) সঙ্গে মুঠোফোনে কয়েক দিন কথা বলেন। অভিযোগ উঠেছে, তুহিন মুঠোফোনে তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই নারীর জামাতা ইমরান মোল্লা তুহিনের সঙ্গে মুঠোফোনে কথা বলে বিভিন্ন তথ্য নেন এবং তাঁকে কুশলীর রামচন্দ্রপুর বাজারে আসতে বলেন। তুহিন বাজারে গেলে তাঁরা তাঁকে মারধর করেন। গতকাল শুক্রবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ রেজার বিষয়টি সালিসে মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু ইমরান মোল্লার পক্ষের লোকজন সালিস না মেনে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুহিনদের বাড়িতে হামলা চালায়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। আহত মোস্তফা শেখ, রহিসুল ইসলাম, শাহদাত শেখ, মো. রইচ, আকায়েত ফকির, ওলিয়ার রহমান শেখ, কাদির সিকদার, ফাতেমা বেগম, সোহাগ মোল্লা, ফজলু মোল্লা, কামরুল মোল্লা, সামাদ বিশ্বাস, টিটুল শেখ, সালাম গাজী, মিরাজ হোসেন, সাবিনা খানম, মিনা বেগম, হাসিনা বেগমসহ ৩০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি লোকদের টুঙ্গিপাড়া হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাজহারুল হক জানান, মুঠোফোনে কথা বলা এবং কুপ্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। গ্রামের মাতব্বরেরা বিষয়টি মিটিয়ে ফেলার জন্য উভয়পক্ষের সঙ্গে কথা বলছেন। এখনও কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।