অবশেষে আগামী ৭ আগস্ট দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স হাতে পাবে চার মুঠোফোন অপারেটর। প্রায় নয় মাসের বিভিন্ন জটিলতার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চার মুঠোফোন অপারেটরকে ‘টুজি লাইসেন্স দেওয়া হবে’ মর্মে চিঠি পাঠায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশ মেনে জরুরিভাবে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি সূত্র। সংশ্লিষ্ট চার মুঠোফোন কোম্পানি হচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল।এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলকে লাইসেন্স নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নবায়নকৃত লাইসেন্স নিতে অপারেটরদের উপযুক্ত প্রতিনিধিকে আগামী ৭ আগস্ট বিটিআরসিতে আসতে বলা হয়েছে। গত বুধবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাফিউল হাসানের সই করা এক চিঠিতে বিটিআরসিকে টুজি লাইসেন্স নবায়নের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়।গত বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এক বৈঠকের পর চার প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন-প্রক্রিয়া ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেয়। গত বছরের ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়নের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করেছিল বিটিআরসি। নভেম্বরে ওই চার মুঠোফোনের টুজি লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরে লাইসেন্স নবায়ন নিয়ে বিটিআরসি ও অপারেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন।গত ২৬ জুলাই অর্থ মন্ত্রণালয়ে বিটিআরসি, এনবিআর ও অপারেটরদের নিয়ে অর্থমন্ত্রীর উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সরকারপক্ষ ও অপারেটররা তিনটি বিষয়ে একমত হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। বলা হয়, ২০০৮ সাল থেকে যে মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) ধরা হয়েছিল, তা ২০১০ সাল থেকে ধরা হবে, বিটিআরসির টাকার সঙ্গে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) ১৫ শতাংশ টাকা দিতে হবে এবং পরবর্তী সময়ে লাইসেন্স নবায়নের সময় অপারেটররা এনবিআরের ১৫ শতাংশ টাকা ছাড় পাবে। এ বিষয়ে বিটিআরসি ও এনবিআরের মধ্যে একটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।