টুটাফাটা ছাউনি আর ভাঙা বেড়াই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নলকূপ, টয়লেট নষ্ট। ১৮৫ জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ আছে ১৩টি। টিনের বেড়া ও ছাউনি দিয়ে ঘেরা লম্বাটে একটি কক্ষ। একটু বৃষ্টি হলেই পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে ঘরের কোণে গিয়ে আশ্রয় নিতে হয় শিক্ষকদের। কারণ, বেড়া ও ছাউনির দশা এতই নাজুক যে বৃষ্টির ঝাপটা কিংবা রোদ—কোনো কিছুই আটকাতে পারে না। এই অবস্থা রংপুরের তারাগঞ্জ উপজেলার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
শুধু এ বিদ্যালয়টি নয়, উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ীসহ মোট তিনটি ও ইকরচালি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ রকম দশা। দীর্ঘদিনেও বিদ্যালয়গুলোর জন্য কোনো ভবন হয়নি। ১৪ জুন সরেজমিনে দেখা গেছে, ভাঙা ঘরে ঝুঁকি নিয়ে এসব বিদ্যালয়ে চলছে পাঠদান।
উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় শ্রেণির একদল শিক্ষার্থী মাঠে বসেই ক্লাস করছিল। ওই শ্রেণিতে ৩৫ জন শিক্ষার্থী। সহকারী শিক্ষিকা শাহাজাদী বেগম বলেন, মাঠে ক্লাস নেওয়ার সময় বাচ্চারা পড়ালেখায় তেমন একটা মনোযোগী হতে পারে না। বাচ্চামানুষ ওরা। আশপাশের নানা কিছু ওদের মনোযোগ কেড়ে নেয়। তা ছাড়া বর্ষা, রোদ, ঠান্ডা—সবকিছুতেই ভোগান্তি পোহাতে হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নওশের আলী বলেন, ২০০২ সালে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে চারজন শিক্ষক ও ১৮৫ জন শিক্ষার্থী আছে। ২০১৩ সালে ঝড়ে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় একটি টিনের ঘর করা হয়। এই এক ঘরেই দুটি পালা করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। সকালের পালায় প্রথম ও দ্বিতীয় এবং বিকেলের পালায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান চলে। বিদ্যালয়ের একটি ভবনের জন্য আবেদন করা আছে। তবে সেটি কী পর্যায়ে আছে জানা নেই।
২০০১ সালে স্থাপিত কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙাচোরা টিনের নড়বড়ে ঘরটিতে পাঠদান চলছে। তিনটি শ্রেণির পাঠদান কার্যক্রম চলছে। কোনো শ্রেণির মাঝে কোনো দেয়াল নেই। শোরগোলে কথা বোঝা কঠিন।
প্রধান শিক্ষক শাহাজাদা মণ্ডল বলেন, ২০০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ভবনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হয়েছে। প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
পশ্চিম রহিমাপুর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, হেলে পড়েছে বিদ্যালয়ের টিনের বেড়া। দরজা-জানালা ভাঙা। শৌচাগার নেই। ১৬২ জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ আছে মাত্র ১৫টি। প্রধান শিক্ষক আবদুল্লাহ আল-আমিন বলেন, বিদ্যালয়টির অবস্থা স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতা ও শিক্ষা কর্মকর্তাও বিদ্যালয়টি পরিদর্শন করে গেছেন।
ইকরচালী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দশা আরও নাজুক। সেখানে না আছে বেঞ্চ, না আছে পাঠদানের জন্য কোনো কক্ষ। ভাঙাচোরা একটি টিনের ঘরই সম্বল।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এলাকাবাসীর সহযোগিতায় টিনের ছাউনি দিয়ে ঘরটি বানানো হয়। এরপর নয় বছর চলে গেছে। এখন সেটিও ভেঙে পড়ার উপক্রম। বিদ্যালয়ে শিক্ষা উপকরণ রাখার জায়গা নেই। প্রতিদিন সেগুলো ব্যাগে করে বাড়ি আনতে ও নিয়ে যেতে হয়। ২৭০ জন শিক্ষার্থীর জন্য মাত্র ১৩ জোড়া বেঞ্চ আছে। এসব সমস্যা সমাধানে ছয় বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো বরাদ্দ মেলেনি।
ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, বিদ্যালয়গুলোর অবস্থা জানা আছে। আপাতত ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার অথবা নতুন ভবন করে দেওয়ার উপায় নেই বলে জানান তিনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, বিদ্যালয়গুলো পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে। ভবিষ্যতে যাতে অগ্রাধিকার ভিত্তিতে এ বিদ্যালয়গুলোর ভবন নির্মাণ করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।