টুডু সরেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী কৃষক টুডু সরেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন গতকাল শনিবার দিনাজপুরে এক আলোচনা সভায় ওই ঘোষণা দেন।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে ওই আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার নবাবগঞ্জ উপজেলার কৃষক টুডু সরেন ২ আগস্ট খুন হন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শীতল মার্ডি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াসিন আলী। তিনি বলেন, জমির মালিকানা থেকে উচ্ছেদ করতেই প্রতিবছর প্রভাবশালীদের হাতে আদিবাসীরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু কোনো হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। তাঁদের ওপর অত্যাচার, নির্যাতন চলছেই। জমি থেকে উচ্ছেদের কাজ প্রায় শেষ। আদিবাসী নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। এই অমানবিক অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে তিনি আদিবাসী সমাজের প্রতি আহ্বান জানান।
রবীন্দ্রনাথ সরেন বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে প্রভাবশালী এবং ভূমিদস্যুদের পাশাপাশি সরকারও আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করে চলেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, দিনাজপুর সদরের উত্তর গোবিন্দপুর এলাকায় আদিবাসী চুন্ডা মুর্মুর জমি অধিগ্রহণ করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় করা হয়েছে। প্রতিবাদ করায় চুন্ডাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, বীরগঞ্জ, বিরল, কাহারোলসহ বিভিন্ন উপজেলায় আদিবাসীদের জমি দখল করে বন বিভাগের মাধ্যমে ‘রিজার্ভ ফরেস্ট’ গড়ে তোলা হয়েছে। ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকায় আদিবাসীর জমি জবরদখল করে মাদ্রাসা ও মসজিদ তৈরি করা হয়েছে। চিরিরবন্দর উপজেলায় রেখা হাসদার ৪২ একর জমি প্রভাবশালীরা দখল করে নিয়েছে। এমন আরও উদাহরণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ মোসাদ্দেক হোসেন, হবিবর রহমান, রফিকুল ইসলাম ও রবিউল আউয়াল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা আবদুল হক বক্তব্য দেন।
আলোচনা শেষে আদিবাসী শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এর আগে বেলা ১১টায় আদিবাসীদের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাট্য সমিতি মিলনায়তনে এসে শেষ হয়।