টুডু সরেনের হত্যাকারীদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামে আদিবাসী কৃষক টুডু সরেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে দিনাজপুর শহরের স্টেশন রোডে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ২ আগস্ট আদিবাসী কৃষক টুডু সরেন হিলির ডাঙ্গাহাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে ভূমিদস্যু আবদুল গাফফারের নেতৃত্বে সন্ত্রাসীরা টুডু সরেনের হাত-পা ভেঙে দেয়। মাথায় আঘাতের কারণে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টুডু সরেন মারা যান।
১৯৭৩ সালে টুডু সরেনের বাবাকেও ভূমিদস্যুরা একই কায়দায় হত্যা করে। ২০১১ সালে তাঁর বড় ভাইকেও হত্যা করে চক্রটি।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা কমিটির সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শীতল মার্ডি, সাধারণ সম্পাদক আলেকজান্ডার হাসদা প্রমুখ।