টুপামারী ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের টুপামারী ফাজিল মাদ্রাসা মাঠে এক গণসমাবেশে গতকাল রোববার দুপুরে ওই ঘোষণা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, টুপামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক, বেসরকারি সংস্থা ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক, রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সালমা আক্তার প্রমুখ।
ইউএনও সাবেত আলী বলেন, আগামী এপ্রিল মাসে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তাই পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে।