টুপি তৈরি করে সংসারে সচ্ছলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের নারীরা এখন টুপি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন বয়সের নারীরা সংসারের কাজের ফাঁকে টুপি তৈরি করে বাড়তি উপার্জন করছেন। ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ১০ হাজার নারী প্রায় ২২ বছর ধরে এই টুপি তৈরির কাজ করে আসছেন। বাড়ির নারীরা টুপি তৈরি করে সংসারে সচ্ছলতা এনেছেন।সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় নারীরা টুপি তৈরির কাজ করছেন। টুপি তৈরিতে ব্যস্ত সাতারা গ্রামের সালেহা খাতুন জানান, টুপির ব্যবসায়ীরা ৬০ টাকা মূল্যের ২২০ থেকে ২২৫ গ্রাম পরিমাণ বিভিন্ন রঙের সুতা তাঁদের সরবরাহ করে থাকেন। ওই পরিমাণ সুতা থেকে কমপক্ষে ১১-১২টি টুপি তৈরি হয়। তৈরি করা ওই টুপি থেকে ব্যবসায়ীরা তিনটি টুপি সুতার মূল্য হিসেবে তাঁদের কাছ থেকে কেটে নেন। অবশিষ্ট টুপির মজুরি হিসেবে তাঁদের দেওয়া হয় ২০ টাকা। পরিবারের একজন নারী সংসারের কাজের ফাঁকে অতিরিক্ত শ্রম দিয়ে প্রতিদিন দুই থেকে তিনটি টুপি তৈরি করে থাকেন। একই গ্রামের আয়শা খাতুন বলেন, এ গ্রামে সারা বছরই চলে টুপি তৈরির কাজ। টুপি তৈরি করে প্রতি মাসে কমপক্ষে এক থেকে দেড় হাজার টাকা আয় করেন তাঁরা। সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জানান, তাঁর ইউনিয়নের নারীরা টুপি তৈরি করে সংসারে সচ্ছলতা এনেছেন।